আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
দেশের সব চেয়ে বড় উন্নয়ন মেঘা প্রকল্পের কাজ চলছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর আরেক উপ-দ্বীপ মাতারবাড়ী-ধলঘাটায় ।
উন্নয়ন প্রকল্প নির্মাণের সুবাদে মাতারবাড়ীর এক লক্ষের কাছাকাছি জনবসতির এলাকায় যোগ হয়েছে আরো পাঁচ হাজারো অধিক লোকজনের বসবাস ।
একই সাথে মাতারবাড়ীর অভ্যন্তরীণ সড়কে যান চলাচলও বেড়ে গেছে আগের চেয়ে দশ গুণ । সে হারে কি বেড়েছে সড়ক উন্নয়ন? ১৪ সালের শুরু থেকে প্রকল্পের কাজ আরম্ভ হলেও সেই একটি মাত্র সরু সড়ক দিয়েই মালামাল আনা নেওয়া সহ ভারি যান চলাচলও করেছিল এই সড়ক দিয়ে ।
বিগত দীর্ঘ ১০টি বছর একই সড়ক পথে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের যানবাহন ব্যবহার করে আসছিল । বর্তমানে প্রকল্পে যাতায়াতের জন্য কোহেলিয়া নদীর চর ভরাট করে বিকল্প সড়ক নির্মাণ করে তারা এটি ব্যবহার করছে ।
ফলে মাতারবাড়ীর প্রধান সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কোল-পাওয়ার এবং জাইকা’র কর্তৃপক্ষ । জাইকার অর্থায়নে সড়কটি সংস্কারের কথা থাকলেও কর্তৃপক্ষের অবহেলা আর কালক্ষেপণে পার হয়েছে বিগত দশটি বছর ।
উক্ত সড়কে তিন কিলোমিটার জুড়ে রয়েছে মরণফাদ । এই ভাংগা সড়কে গাড়ী দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ বহু প্রাণহানীর ঘটনাও ঘটেছে । প্রকল্পের ভারি যান চলাচলের কারনে মাতারবাড়ীর অভ্যন্তরীণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ।
সড়কটিতে বর্তমানে অসংখ্য ছোট বড় গর্ত হওয়ায় যান চলাচল সহ লোকজন যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মাতারবাড়ীবাসিকে ।
দ্বিতীয় সিঙ্গাপুর খ্যাত মাতারবাড়ীর জনগন এভাবে বছরের পর বছর একটি মাত্র সড়ক নিয়ে দুর্ভোগে পড়লেও যেন দেখার কেউ নেই । এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই বললেই চলে ।
মাতারবাড়ী নতুন বাজার সিএনজি স্টেশনের গর্তে বর্ষা জুড়েই পানি জমে থাকে , ফলে গোলা পানি মিশ্রিত কাঁদা মাটির উপর দিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ পথযাত্রী এবং বিভিন্ন যানবাহন গুলো ।
প্রতি বছর বর্ষা শুরু থেকে শেষ অবদি প্রায় ৩ কিলোমিটার জুড়ে সড়কের গর্ত গুলো যেন মাতারবাড়ীবাসি কে জানিয়ে দেয় বিগত দশ বছরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সুফল ভোগের কথা ।
নতুন বাজার সিএনজি স্টেশন থেকে পুরান বাজার , বাংলা বাজার হয়ে মগডেইল বাজার ও সাইরার ডেইল বাজার পর্যন্ত সড়কে রয়েছে বেশ কিছু ভয়ংকর ছোট বড় গর্ত । সড়কের মাঝখানে এসব গর্তে পড়ে বহুবার বিভিন্ন গাড়ী দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন অনেকে ।
এ নিয়ে মাতারবাড়ীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ সহ সড়কের দূর্ভোগের চিত্র তুলে ধরলেও এগিয়ে আসেনি জনপ্রতিনিধি সহ বিগত সরকার দলীয় রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ।
নাম প্রকাশে অনিচ্ছুক মাতারবাড়ীর এক ব্যাক্তি জানান , স্থানীয় রাজনৈতিক নেতাদের স্বদিচ্ছা এবং তাদের নোংরা মন মানসিকতার কারনেই মাতারবাড়ীর জনগন সুবিধা বঞ্চিত হচ্ছে । লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হলেও এখনো অভিভাবকহীন মাতারবাড়ীবাসি এমনটি জানালেন তিনি ।
মহেশখালী উপজেলা প্রকৌশলী মোঃ বনি আমিন জনি জানান , মাতারবাড়ীর প্রধান সড়কটি দ্রুত সংস্কার করা হবে । ইতিমধ্যে সড়কটি প্রকৌশলী অফিস থেকে সার্ভে সম্পন্ন করা হয়েছে ।
মাতারবাড়ীর প্রধান সড়কটি কিভাবে নির্মাণ করা হবে তা সাউদান-চিটাগাং প্রজেক্ট থেকে ডিজাইন করা হয়েছে । সড়কটি খুব সরু , তাই স্থানীয়রা সহযোগীতা করলে টেন্ডার আহবানের পর পরই আমরা কাজ শুরু করে দেব এমনটি জানান তিনি ।