আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী :
পুলিশ পরিচয় দিয়ে মহেশখালীতে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণ, ২ লাখ নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে । এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর ষাইটমারার মাহামুদুল করিমের বাড়ীতে । ডাকাত দলের কবলিত বাড়ী ওয়ালা মৃত আনু মিয়ার পুত্র মাহামুদুল করিম ও তার স্ত্রী হালিমা বেগম কান্না জড়িতকন্ঠে জানান, গত ২০ মার্চ রাত আড়াইটায় একদল লোক এসে প্রথমে দরজার গ্রীলে ধাক্কা দেন । ঘুম থেকে উঠে দেখি ঘরের চারদিকে অস্ত্র থাক করে কিছু মুখোশধারী লোক দাঁড়িয়ে রয়েছে । তাদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন আমরা পুলিশের লোক । এ ঘরে আসামী রয়েছে বলে সংবাদ পেয়েছি । এ কথা শুনে সরল বিঃশ্বাসে গ্রীলের তালা খুলতে না খুলতে ১৫/১৬ জন অস্ত্রধারী লোক প্রতিটি রুমে ঢুকে আমাকেসহ ঘরের ৬/৭ জন নারী-পুরুষের হাত-পা বেঁধে মুখে প্লাষ্টার দিয়ে আধাঁ ঘন্টা ব্যাপী তান্ডব চালায় । তারা আরো জানান , ডাকাতদল আলমিরার চাবি চাইলে তাদের কে চাবি না দেওয়ায় ঘরে থাকা পুত্রবধূদের শীললতাহানী সহ বাড়ীর সবাইকে মারধর করে । এসময় ডাকাতদল ষ্টীলের ৪টি আলমিরা ভেঙে ও পুত্রবধুদের থাকা ১২ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে ডাকাতদল চলে যায় । এ সংবাদ পেয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্যা দিলুয়ারা বেগম দিলু, সাবেক মেম্বার মামুন, বর্তমান মেম্বার দিল মোহাম্মদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন ঘটনাস্থল পরিদর্শন করেন । এদিকে খবর পেয়ে মহেশখালীর দায়িত্বরত এএসপি সার্কেল , ওসি আব্দুল হাই সহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান , শাপলাপুরে একটি বাড়ীতে ডাকাতীর খবর শুনে আমি এবং সার্কেল স্যার সহ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি , এব্যাপারে আমরা সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছি । খুব দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেব । এবিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ।