আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে প্যারাবন কেটে ও নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী :

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায় প্যারাবন কেটে ও নদীর চর ভরাট করে নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন কেন্দ্র । (বেজা) কর্তৃক সোনাদিয়ায় উন্নয়ন প্রকল্প নির্মাণ করার সুবাদে ঘটিভাঙ্গায় নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন কেন্দ্র । সোনাদিয়ায় বসবাসরত পরিবার গুলোর জন্য এই পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে ।
তার একই পাশে বিশাল প্যারাবন কেটে ও নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ করছে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা কথিত মৎস্যজীবী সমিতি নামের একটি গাঁজা কমিটি । এই কথিত মৎস্যজীবী সমিতি প্রকাশ গাঁজা কমিটি স্থানীয় ফরেস্ট বিট কে অর্থের বিনিময়ে ম্যানেজ করে তারা প্যারাবন কেটে এবং নদীর চর দখল করে অবৈধ ভাবে চিংড়ি ঘের নির্মাণ করছে বলে জানালেন স্থানীয়রা । মুলত এই মৎস্যজীবী সমিতির নাম ব্যবহার করে (বেজা) থেকে একটি মোটা অংকের টাকা ক্ষতিপূরণের জন্য আগে ভাগে ভিন্ন কৌশল অবলম্বন করে প্যারাবন কেটে তারা চিংড়ি ঘের নির্মাণ করছে , এমটি স্বীকার করেছে স্বয়ং ঘটিভাঙ্গা পুর্ব পাড়া মৎস্যজীবী সমিতির কর্মকর্তারা । ঘটিভাঙ্গা মৎস্যজীবী সমিতির জাফর জানান , বর্তমানে যে চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ করছি এই জায়গা গুলো যে কোন মুহুর্তে (বেজা) নিয়ে যেতে পারে । তারা প্রকল্প নির্মাণ করতে আরো অনেক সময় আছে , এর আগে যদি আমরা চিংড়ি ঘের নির্মাণ করতে পারি তাহলে এটা আমাদের দখলে চলে আসবে । এবং যে কোন কারনে বেজা যদি আমাদের চিংড়ি ঘের উচ্ছেদ করে তাহলেও আমাদেরকে একটা বড় ক্ষতিপূরণ দিতে হবে । তিনি আরো বলেন আমরা এলাকার কত গুলো গরীব জেলে মিলে একটা মৎস্যজীবী সমিতি করেছি , এই সমিতির পক্ষ থেকেই চিংড়ি ঘের নির্মাণ করছি । ঘটিভাঙ্গা ব্রীজের উভয় পাশে প্যারাবন কেটে এবং নদীর চরে লাল পতাকা দিয়ে দখল করে চিংড়ি ঘের নির্মাণ করছে এই গাঁজা কমিটি । নির্বিচারে এসব প্যারাবন কেটে পরিবেশ ধ্বংস করা হলেও অদৃশ্য কারনে বন কর্মীরা দর্শক ভুমিকায় রয়েছেন । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার একটি টিম ২৯ জুন সকালে ঘটিভাঙ্গায় সরজমিন পরিদর্শনে গেলে দেখা যায় এসব চিত্র । প্যারাবন ধ্বংসকারী এবং অবৈধ ভাবে নদীর চর দখলকারী ও নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন কারীর বিরুদ্ধ অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ।
গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান থেকে জানতে চাইলে তিনি বলেন , বিষয়টি এখন শুনেছি
ঘটিভাঙ্গার ওখানে কালকেই বিট পাঠাব , যদি জায়গাটা বেজা’র না হয় তাহলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী জানান , এব্যাপারে বন বিভাগ আমাদের কে কোন সংবাদ জানায়নি । এবং বিষয়টি আগামীকাল (আজ) তদন্ত করে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ