আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের মহেশখালীর ৮ ইউনিয়ন ও পৌরসভা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতঘরে প্রবেশ করেছে লোনা পানি ।
এতে অনেক কাঁচা ঘরের দেয়াল পড়ে গেছে বলে জানা গেছে । ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে মাতারবাড়ী , ধলঘাটা ও কুতুবজোম ইউনিয়নে ।

মাতারবাড়ী পশ্চিমে বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় একশত অধিক বসতবাড়ী অস্বাভাবিক জোয়ারের পানিতে বিলিন হয়ে গেছে ।
বেড়িবাঁধে বিলিন হওয়া পরিবারের নারী-পুরুষ গুলো বর্তমানে তাদের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে । ছোট ছোট বাচ্চাদের নিয়ে সীমাহীন জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত এসব পরিবার গুলো ।
ঘরবাড়ি তলিয়ে গেছে প্রায় ৩০ শ’র অধিক । একই ভাবে মাতারবাড়ীর পুর্বে ওয়াপদাপাড়া বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে উত্তর সিকদার পাড়া , ওয়াপদার পাড়া খন্দার বিল ও উত্তর রাজঘাট এলাকা গুলো ।
এদিকে ধলঘাটার বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে চারটি গ্রাম , ভেঙ্গে গেছে প্রায় ৩০টি বসতঘর । মধ্য রাতে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে পানি প্রবেশ করায় আশ্রয়ণ কেন্দ্রের দিকে ছোটাছুটি করছিল নারী-পুরুষগন ।
এসময় অনেকে ছোট বাচ্ছা নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে । একই ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কুতুবজোম ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় ।
এই দ্বীপটি সম্পুর্ণ বিচ্ছিন্ন এবং সাগরের মাঝখানে হওয়ায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে অস্বাভাবিক পানি বেড়ে যাওয়ায় দ্বীপে বসবাসরত বাড়ীঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
অপর ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে মহেশখালী পৌরসভা , কালারমারছড়া , হোয়ানক , বড় মহেশখালী , ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নেও ব্যাপক বাড়ীঘরের ক্ষয়ক্ষতি হয়েছে ।
এসব এলাকায় আহত হয়েছেন অনেকে । বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের লবণাক্ত পানি প্রবেশ করে উপজেলার সব এলাকায় নষ্ট হয়েছে ধান ক্ষেত । ভেঙ্গে গেছে প্রচুর গাছপালা ।
উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ , ফসলী জমি ও গরু , ছাগল এবং হাঁস মুরগি সহ বিভিন্ন ক্ষেত খামারের ।
ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাসেদুল ইসলাম জানান , মহেশখালী উপজেলায় মোট ৫,শত পরিবার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।
একই ভাবে আংশিক ক্ষতিগ্রস্ত পরিবাবের সংখ্য এক হাজারের অধিক বলে জানান তিনি । তবে ক্ষতিগ্রস্তদের বিষয়ে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান ।
অপর দিকে ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে লণ্ডভণ্ড হয়েছে মাতারবাড়ী সংযোগ সড়ক ।
মাতারবাড়ীর একমাত্র যোগাযোগের মাধ্যম এই সড়কটি ভেঙ্গে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা । ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নবাসিকে ।