মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জেরধরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা।
সে কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ, তিনি জানান কালারমারছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এ ঘটনায় জড়িত অমিতের ভাই কামরুল কে পুলিশ গ্রেফতার করেছে ।
বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান থানা পুলিশ ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে ।
আহত অবস্থায় রশিদ কে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শী জানায়, উভয়ের পারিবারিক পুকুরপাড়ে রাজনীতি নিয়ে প্রতিদিনের মত এক অপরের সাথে কথা বলছিল এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল রশিদকে লাঠি দিয়ে আঘাত করে, পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল ধারালো লোহার রট দিয়ে রশিদের মাথায় লাঠি কয়েকটি আঘাত করে ।
রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুল কে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনার মুল হোতা অমিত এখনো পলাতক রয়েছে ।
স্থানীয়রা জানান , অমিত ইকবাল একজন বখাটে ছেলে । তিনি সবসময় যে কারো সাথে উশৃঙ্খল আচরণ করে থাকেন ।
নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । এঘটনায় সুষ্ঠু বিচারের মাধ্যমে অপরাধিদের কঠোর শাস্তি দাবী করেন স্থানীয়রা ।