আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের এক পদে ৯০ জন

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি,  শেখ রাজেন :

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি। প্রায় ৪৫ মাস পর যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এর মোট সদস্য সংখ্যা ২৯৫ জন। ‘ঢাউস’ এ কমিটি রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটিতে তারিখ ৩০ অক্টোবর লেখা আছে। তবে পরদিন সেটি প্রকাশ পাওয়ায় এ নিয়ে সমালোচনা আছে। কমিটি যখন প্রকাশ হলো তখন ছাত্রলীগের কেন্দ্রীয় ওই দুই নেতাই দেশের বাইরে অবস্থান করছেন।

মোট ১৩ পৃষ্ঠায় কমিটির সদস্যদের নাম রয়েছে। এর মধ্যে সভাপতি ও সম্পাদক বাদে সহ-সভাপতি পদে ৯০ জন, যুগ্ম সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, অন্যান্য সম্পাদক পদে ৩১ জন, বিভিন্ন উপ-সম্পাদক পদে ১০৫ জন, সহ-সম্পাদক পদে ২৭ জন, সদস্য ১৮ জন। কমিটিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন নেতার নাম রয়েছে।

এদিকে ঘোষিত ওই ‘ঢাউস’ কমিটিতে বিবাহিত, অছাত্র, মাদকসেবী, নিস্ক্রিয়রা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির’ রাজনীতির সঙ্গে জড়িত ও মতাদর্শে বিশ্বাসী পরিবারের কয়েকজনও অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যদিও ছাত্রনেতাদের কেউ এ নিয়ে সরাসরি কেউ মুখ খুলতে চাইছেন না। ঘোষিত কমিটির নীচের দিকে লেখা আছে, কমিটির কারো বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে।

জেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতা সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে সাংবাদিকে বলেন, ‘আমার কাঁদতে ইচ্ছে করতেছে। মন চায় পদত্যাগ করি। এতবড় কমিটি দিয়ে কি করব জানি না।

তবে আমার মনে হয় সভাপতি ও সম্পাদক স্বাক্ষর করে চলে যাওয়ার পর কিছু নেতা নিজেদের মতো করে নাম ঢুকিয়েছেন। যে কারণে এর পরিধি বেড়ে যায়।’ অতীতে জেলা ছাত্রলীগের এতবড় কমিটি দেখেননি উল্লেখ করে সবাইকে খুশি রাখার পন্থা বলেও তিনি মন্তব্য করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এ প্রতিবেদককে বলেন, ‘কেন্দ্র্রীয়ভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে থাকা কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ