আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বেরোবি শিক্ষার্থী মুকুলের “সময়ের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

আরবাজ (রুমান),বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মনিরুল ইসলাম মুকুলের  লেখা উপন্যাস “সময়ের ইতিকথা”র মোড়ক উন্মোচিত হয়েছে।
আজ, শনিবার(৩ রা ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন লেখকের জননী মোছাঃ ফাতেমা বেগম। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমিন অন্বার সভাপতিত্বে অতিথি হিসেবে আরো ছিলেন; লেখক ও গবেষক জনাব আবু বক্কর সিদ্দীক, সংগঠক ও সমাজসেবক জনাব রওশনুল হক তুষার। অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এসময় গ্রন্থ  নিয়ে আলোচনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ খাইরুল ইসলাম।
 নতুন প্রকাশিতব্য  “সময়ের ইতিকথা” বইটি প্রসঙ্গে লেখক মনিরুল ইসলাম মুকুল বলেন,  সৃষ্টিশীল মানুষদের কাছে তার প্রত্যেকটি সৃষ্টিকর্ম সন্তান তুল্য। “সময়ের ইতিকথা” আমার প্রথম প্রকাশিত উপন্যাস এবং চতুর্থ গ্রন্থ। “সময়ের ইতিকথা” সময়ের গল্প বলেছে। বলেছে- ইতিহাস, ঐতিহ্য, প্রেম, বিচ্ছেদ, কখনোবা  স্বপ্নের কথা। আমাদের বসবাস চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। অথচ চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়া পৃথিবীর সব অঞ্চলে লাগেনি। বিশেষ করে চরাঞ্চলে। “সময়ের ইতিকথা’য়  গল্পগুলো এগিয়ে গেছে  কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার মোহনগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলগুলোকে কেন্দ্র করে। যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়া লাগেনি। যেখানে   নিত্যনতুন কুসংস্কারের চাষাবাদ হয় নিয়মিত। যেখানে পিদিম হাতে কেউ কেউ এগিয়ে আসলেও, সেই পিদিমের আলো নিভে যায় ক্রমশ। কেউ সত্যের চাষ করে। কেউ মিথ্যার। কেউ অতীতের! কেউ বা ভবিষ্যৎ নিয়ে ছবি আঁকে কল্পনায়!
এটি একটি সামাজিক উপন্যাস।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মনা। মনার একটা অতীত আছে। যে অতীত মনাকে ভীষণ কাঁদায়। মনার ভাবুক মন মনাকে নিয়ে ভীষণ খেলেছে। শাপলার প্রতি তার অপ্রকাশিত ভালোবাসা যেনো উপন্যাসটি সময়ের কথাই বলেছে।
পাঠকরা সবসময় চায় নতুনত্ব। হোক প্রেম কিংবা অপূর্ণতা। আমি উপন্যাসটিতে বাস্তবতার রংতুলি নিয়ে সময়ের ছবি  এঁকেছি মাত্র। যে ছবিতে ভেসে ওঠে, গোয়ালার গান, খোয়ার, আর মনার নিত্যনতুন কথামালা। উপন্যাসটি প্রকাশ করছেন আইডিয়া প্রকাশন। প্রচ্ছদশিল্পী এপার -ওপার বাংলার বেশ পরিচিত মুখ সাকিল মাসুদ।
উল্লেখ্য, “সময়ের ইতিকথা” মনিরুল ইসলাম মুকুলের চতুর্থ গ্রন্থ। তার অন্যান্য প্রকাশিত গ্রন্থ সমূহ- কাব্যগ্রন্থ “শান্ত মেঘে লুকিয়ে তুই”(২০২০), উপন্যাসিকা “মৃত্যুর পাণ্ডুলিপি” (২০২১), গল্পগ্রন্থ “শয়তান গ্রহ” (২০২২) নবীন শাখায় পেয়েছেন ইউএস বাংলা সাহিত্য সম্মাননা -২০২২।  মনিরুল ইসলাম মুকুল এর জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামে। পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ