মোঃ সাব্বির হোসেন:
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে এসে মোঃ ইমরান হোসেন নামের এক শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে
অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কেন্দ্রে প্রবেশ করার আগেই অসুস্থ হয়ে কলেজের মূল ফটকে পড়ে যান তিনি।
শুক্রবার (২৭ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে এ ঘটনাটি ঘটে।
এ সময় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন ও কলেজটির ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকারের সহযোগিতায় শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়।
জানা গেছে, শিক্ষার্থী ইমরান হোসেন ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছেন। রাত থেকে না খেয়ে থাকা ও দুশ্চিন্তার কারণে এমনটি ঘটেছে।
এ বিষয়ে কলেজটির ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকার বলেন, আমাদের কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসেন শিক্ষার্থীর অসুস্থতার বিষয়টি আমাকে জানালে আমি প্রাথমিকভাবে শিক্ষার্থীকে স্যালাইন খাওয়াই এবং মাথায় পানি দিয়ে কিছুটা সুস্থ করে পরীক্ষার হলে পাঠানোর ব্যবস্থা করি। দুশ্চিন্তা ও না খেয়ে থাকার কারণে এমনটি ঘটেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও আমার সংবাদের নিজস্ব প্রতিনিধি,
রাব্বি হোসেন বলেন, ওই শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছেন বলে জানতে পেরেছি।
রাতেও খাওয়া-দাওয়া করেননি। পরীক্ষার চিন্তায় নার্ভাস ছিলেন। সকালে কেন্দ্রে আসার পর কিছুক্ষণ বসেছিলেন। তারপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন।
কিছুটা সুস্থ হয়ে পরিক্ষার বেঞ্চ এ বসলেও শেষমেশ পরিক্ষা শেষ করতে পারেননি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকছে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা যাবে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি পদের বিপরীতে মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।