জাবি প্রতিনিধি :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুল নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আজ বুধবার (১ নভেম্বর) নয়া দিল্লিতে নতুন আঞ্চলিক পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সায়মা ওয়াজেদ পেয়েছেন ৮টি দেশের সমর্থন। অন্যদিকে নেপালের প্রার্থী পেয়েছেন ২টি দেশের সমর্থন। এ অঞ্চলে সংস্থাটির সদস্য ১১টি দেশ। এরমধ্যে মিয়ানমার এবার ভোট দিতে পারেনি। এর ফলে আগামী ৫ বছরের জন্য দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সায়মা ওয়াজেদ পুতুল।
অটিজম বিশেষজ্ঞ সায়মা এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষ করে অটিজম বিশেষজ্ঞ হিসেবে সায়মা ওয়াজেদের পরিচিতি ও সুখ্যাতিতে বাংলাদেশ গর্বিত। উল্লিখিত পদে সায়মা ওয়াজেদের বিজয় তাঁর কাজের সম্মান-স্বীকৃতি। উপাচার্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সায়মা ওয়াজেদ তাঁর মেধা, অর্জিত জ্ঞান ও সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবেন।