আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বাংলা ব্লকেড’ যেন পূর্নতা পেয়েছে জাবিতে

জাবি প্রতিনিধি :

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজ সোমবার দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনের অংশ হিসেবে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান গ্রহণ করেন। যার দরুন মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী ঐন্দ্রিলা মজুমদার বলেন, “আমরা এমন কোটাপদ্ধতি চাই না যেটি সাধারণ শিক্ষার্থীদের সাথে সাংঘর্ষিক।” হাইকোর্টের দেওয়া রায়ের পেছনে যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ জড়িত থেকে থাকে তাহলে সেটাকে সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকিজনক বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান বলেন, “আমাদের এক দফা এক দাবি, সরকারি চাকরির ক্ষেত্রে কোটাপদ্ধতি বাতিল করতে হবে। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করার আগপর্যন্ত আমরা রাজপথ না ছাড়ার এবং সব ধরণের একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা ৭ টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ