প্রতিনিধি ধামরাইঃ
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার বলেছেন,
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল এদেশের কৃষক। তারাই দেশের প্রধান নায়ক।
বাংলাদেশের বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা মিটানোর প্রধান কারিগর এদেশের কৃষকরাই।
বুধবার ( ১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে ধামরাই উপজেলার বালিয়া এলাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক, বালিয়া শাখার ১০১ জন কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ আব্দুল জব্বার বলেন, কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কৃষি উৎপাদন বাড়ায় বলে এদেশ আজ প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ন । অর্থের অভাবে কৃষকদের ফসল উৎপাদন কোনভাবেই যেন ব্যাহত না হয় সেজন্য
নিরলসভাবে যথাযথভাবে গ্রাহকসেবা নিশ্চিত করে কৃষি ব্যাংক কৃষকদের কৃষি ঋণ বিতরণ করে যাচ্ছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ সমূহ শতভাগ বাস্তবায়ন করে
কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যে কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশে খাদ্য সংকট দেখা যায়নি ।
তিনি আরো বলেন, কৃষকদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশনাবলীর আলোকে দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে। দেশের কোন ফসলী জমি যেন অনাবাদী না থাকে সে দিকে লক্ষ্য রাখার জন্য কৃষকদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বালিয়া শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মাদ মাছুদুর রহমান । অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক, বালিয়া শাখা, ঢাকা কর্তৃক প্রকাশ্যে ১০১ জন কৃষকের মাঝে সর্বমোট ৯৭.০০ লক্ষ টাকা কৃষি, কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে ঋণ বিতরণ করা হয় ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের মহা ব্যবস্থাপক জনাব মোঃ খালেদুজ্জামান, বাংলাদেশ কৃষি ব্যাংক, ঢাকা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মুহাম্মদ রাশিদুল ইসলাম, আমতা ইউনিয়েনর চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, চৌহাট ইউনিয়েনের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।