সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতের মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলের পানি অস্বাভাবিক ভাবে নদীর পানি বৃদ্ধির কারণে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রাম সংলগ্ন ফালইর হাওরের পুরোনো কুড়ির বাঁধের মাটি ধসে পড়েছে ও বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, এই বাধঁটি ফালইর হাওরের জন্য গুরুত্বপূর্ণ। সোমবার রাত ১২ টায় ফালইর হাওরের এ বাঁধটি ঝুকিপূর্ণ অবস্থার খবর পেয়ে স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধে ছুটে যান তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার।
বাঁধটি রক্ষায় তিনি স্থানীয় কৃষকদের নিয়ে বাঁশ, কোদাল ও বাশের ছাঁটাই দিয়ে বাধঁটি রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ সময় সাথে ছিলেন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজল মিয়া, খয়ছর তালুকদার প্রমুখ।
এসময় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বলেন, কামালপুর গ্রামের পাশে বাঁধটি ধসে যাওয়ার খবর পাই। গভীর রাতেই স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধটি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটুকু মহান আল্লাহর ইচ্ছে।