নিজস্ব প্রতিবেদক :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) সাভারের বনগাঁও ইউনিয়নে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
আলোচনা সভার প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য অবদানের কথা উল্লেখ করেন। আর বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্র সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর্যায়ক্রমিক প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে সারা পৃথিবীর মাঝে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে। বিশ্বের আর কোনো ছাত্র সংগঠন তাদের নিজ দেশের স্বাধীনতা অর্জনে এভাবে প্রাণ বিসর্জন দিয়ে ভূমিকা রাখার নজীর নেই বলেও জানান তিনি। এসময় তিনি সাভারের প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের কর্মীদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জাতির জনকের আদর্শ ও গুণাবলী অর্জনের জন্য কর্মশালা আয়োজনের বিষয় উল্লেখ করেন।

মঞ্জুরুল আলম রাজীব তাঁর বক্তব্যে ১৫ আগষ্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহবান জানান। এসময় তিনি ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বনগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।