নিজস্ব প্রতিবেদক :
৪ মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ১০ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এঘটনায় সড়কটির উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় ৭০০ শ্রমিক কাজ করে। কারখানা কতৃপক্ষ ব্যাংকের সমস্যা দেখিয়ে প্রায় ৪ মাস ধরে বেতন দেয় না। গত ২৭ ফেব্রুয়ারি বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু রাত ১০ টা পর্যন্ত বসিয়ে রেখেও বেতন প্রদান করতে ব্যর্থ হয় কারখানা কতৃপক্ষ। সর্বশেষ আজ ২ মার্চ বেতন পরিশোধের কথা থাকলেও কতৃপক্ষ কারখানা থেকে পালিয়ে যায়। পরে শ্রমিকরা বাধ্য হয়ে ৪ মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে মহাসড়কে নামে।
কারখানার হেলপার পদে কাজ করা নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, কারখানা কতৃপক্ষ আমাদের বকেয়া বেতন দেই দিচ্ছি করে টালবাহানা করছে। বিভিন্ন সময়ে টাকা দেওয়ার কথা থাকলেও তারা তারিখ পরিবর্তন করেছে।
রবিবার কতৃপক্ষ কারখানায় তালা দিয়ে পালিয়েছে। আমরা ৪ মাস ধরে বাসা ভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করতে পারছি না। দোকানদার কোন কিছুই আর বাকি দিচ্ছে না। বাসার মালিক বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। আমরা অনেক অসহায় হয়ে পড়েছি। আমরা আমাদের বকেয়া বেতন চাই।
এব্যাপারে কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শওগাতুল আলম বলেন, প্রতীক অ্যাপারেলসের শ্রমিকদের বেতন রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকরা গত জানুয়ারি মাসের বেতন পাবে বলে আমরা জানি। কারখানা কতৃপক্ষ আজ বেতন পরিশোধ করার জন্য সকাল থেকে শ্রমিকদের আশ্বাস দিয়েছে। ইফতারের পর শ্রমিকরা কারখানার সামনে এসে জানতে পারেন আজও বেতন পরিশোধ করবে না কতৃপক্ষ।
পরে সকল শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ১ মাসের বেতন বকেয়ার কথা শুনেছি, ৪ মাসের অন্যান্য বকেয়া যেমন, ওভারটাইম, টিফিনের বিল থাকতে পারে। আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।