আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ
সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদের শারীরিক প্রতিবন্ধী সফিউল্লাহ।
শর্শদি ইউনিয়ন চেয়ারম্যান ও রোটারি ক্লাবের সহযোগিতায় ফেনী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে মালামালসহ একটি মুদি দোকান উপহার পেয়েছেন তিনি।
দোকান উপহার পেয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে অনুভূতি ব্যক্ত করে প্রতিবন্ধী সফিউল্যাহ বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো কাজ করতে পারতাম না। তাই ভিক্ষা করে সংসার চালাতাম।
সমাজসেবা অফিসের মাধ্যমে আমাকে একটা মুদি দোকান করে দিয়েছে। আমি আর ভিক্ষা করবো না। এ দোকান করে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো। আমি সবার সহযোগিতা চাই।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, একজন ভিক্ষুক পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরেছেন এটি আশাব্যঞ্জক বিষয়। ফেনী সদর উপজেলাকে ভিক্ষুক, বাল্যবিয়ে, শিশু শ্রমসহ সব অসংগতি দূর করতে সর্বস্তরের নাগরিকদের কাজ করে যেতে হবে।
ভিক্ষুকমুক্ত উপজেলা গড়ার মাধ্যমে ফেনী সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলছেন। তারই আলোকে আজকের এ ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি।
উপকার ভোগীদের উদ্দেশ্যে শুসেন চন্দ্র শীল বলেন, আপনাদের জীবনমানের উন্নয়নের জন্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেওয়া হয়েছে। মূলধন ঠিক রেখে লাভের টাকা দিয়ে সংসার চালাবেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সফিউল্যাহ’র মতো ব্যক্তিরা।
সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ফেনী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বলেন,
ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি সমাজসেবা কার্যালয়ের নিয়মিত কার্যক্রম। শর্শদি এলাকার একজন ভিক্ষুক ও একজন কর্মহীন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এ কাজে সমাজসেবাকে শর্শদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব ফেনী সহযোগিতা করেছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি থেকে ফিতা কেটে দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল,
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, রোটারি ক্লাব অব ফেনীর প্রাক্তন সভাপতি জালাল উদ্দিন বাবলু। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুবিধাভোগি শফিউল্যাহ।