কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের সাংবাদিকদের পুরোধা ব্যক্তিত্ব সিনিয়র সম্পাদক ও সাংবাদিক ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত হলো আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান।
৭ আগস্ট শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছেন ফরিদগঞ্জের সংবাদকর্মীরা। ফরিদগঞ্জের সাংবাদিকদের স্মৃতিচারণে অনুধাবন করা গেছে প্রয়াত ইকরাম চৌধুরী সাংবাদিকতার জগতে কতখানি উজ্জ্বল ছিলেন এবং তার অবদান কতটুকু শক্তিশালী ছিল তাদের অনুপ্রেরণায়। প্রিয় সহকর্মী সাংবাদিকদের স্মৃতি থেকে হারিয়ে যাননি তিনি।
অনুষ্ঠানে ইকরাম চৌধুরীর জীবনের ওপর আলোচনা রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘চাঁদপুরের সাংবাদিকতায় ইকরাম চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্রের নাম। সমৃদ্ধ এক পাঠশালার নাম। অকুতোভয় এক কলমযোদ্ধার নাম। প্রথম সরাসরি দৈনিক পত্রিকা চালু করে চাঁদপুরের সাংবাদিকতায় তিনি যে পথের সূচনা করেছেন, সে পথ ধরে চাঁদপুরের সাংবাদিকতা আজ ক্রম বিপ্লবের দিকে ধাবমান।’
তিনি আরও বলেন, ‘সংবাদ সংগ্রহের ব্যাপারে ইকরাম চৌধুরী যে একনিষ্ঠতা দেখিয়েছেন, তা আজ অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। সংবাদকর্মী তৈরিতে তিনি যেভাবে আদর্শ শিক্ষকের ভূমিকা রেখেছেন, সে শিক্ষাই সংবাদ জগতে তাঁকে আজও অমর করে রেখেছে। তিনি একজন যোগ্য অভিভাবক ছিলেন। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ সংবাদকর্মী হিসেবে নিজেকে কাজের ভেতর সঁপে দিতে পারলেই শ্রদ্ধেয় ইকরাম চৌধুরীর মতো আমাদের সাংবাদিকতাও সার্থকতার ইতিহাস রচনা করবে।’
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, মশিউর রহমান, আমান উল্যাহ আমান, জাকির হোসেন সাইদ পাটওয়ারী, নির্বাহী সদস্য এস.এম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল, শিমুল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, সমাজকল্যাণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সাহিত্য সম্পাদক আবদুস সালাম, সদস্য জাহিদ হোসেন, কেএম হাসান, মনির হোসেন, মেহেদী হাসান, সহযোগী সদস্য আমান উল্যাহ খাঁন ফারাভী, মামুন হোসাইন, সংবাদকর্মী ফাহাদ হোসেন ও ফরিদগঞ্জ ম্যাগাজিন হাউজের পরিচালক মাও. তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানের শাশুড়ি হোসনেয়ারা বেগমের পরকালীন জীবনের শান্তি কামনায় এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক চাঁদপুর দর্পণের ফরিদগঞ্জ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামালের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ ওয়াপদা মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদিন ও খাদেম মো. ইলিয়াস হোসাইন।