কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা এলাকার প্রতিটি সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত গাড়ির (অটোরিকশা, ইজিবাইক) ভাড়া নির্ধারণ করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
জানা গেছে, উপজেলা সদরে যাতায়াত করতে লোকজনকে একই রুটে একেক সময় একেক রকম ভাড়া দিতে হতো। গত কয়েক বছর ধরে এসব রুটে অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভাড়া কিছুটা হ্রাস পেলেও তা নির্ধারিত না হওয়ায় গাড়ি চালকরা একই রুটে একেকজন যাত্রী থেকে একেক ধরনের ভাড়া আদায় করতো। ফলে দাবী ওঠে অন্তত পৌর এলাকায় চলাচলকারী এসব গাড়ির ভাড়া নির্ধারণ করে দেওয়ার।
সেই মোতাবেক গত রোববার (১৬ মে) পৌরসভার ঈদ পরবর্তী সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সোমবার (১৭ মে) পৌর মেয়র মহোদয় কাউন্সিলর, ব্যবসায়ী ও সচেতন মহলের সাথে আলোচনা করে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪৯টি রুটে জনপ্রতি ভাড়া নির্ধারণ করার কাজটি সম্পন্ন করেন।
এ বিষয়ে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘সকলের সাথে আলোচনাপূর্বক পৌর এলাকার ৪৯টি রুটে জনপ্রতি ভাড়া ৫ টাকা থেকে শুরু করে দূরত্ব অনুযায়ী ২০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে’।