ফরিদগঞ্জ প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর (শনিবার) বিকেলে ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদের সহধর্মিনী মাইমুনা জালাল ইকরা। এর পূর্বে গাজীপুর বাজার ও কড়ৈতলী বাজারে গণসংযোগ পরিচালনা করা হয়।
গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক লিফলেট এবং সিআইপি জালাল আহমেদের নিজ অর্থায়নের উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করা হয়। এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জালাল আহমেদের সহধর্মিণী মাইমুনা জালাল ইকরা। তিনি বলেন, আপনারা জালাল সাহেবকে এমপি হিসেবে নয়, ভাই হিসেবে পাশে পাবেন। পাশাপাশি আমাকেও ভাবী হিসেবে পাশে পাবেন। একজন স্ত্রীই বলতে পারে তার স্বামী কেমন মানুষ। আমি আমার স্বামী সিআইপি জালাল আহমেদকে অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করব। তিনি শুধু নিজ ঘরেই নন, পুরো সমাজে একজন ভালো মানুষ হিসেবে তিনি ইতোমধ্যেই সুপরিচিত হয়েছেন। ভবিষ্যতে ফরিদগঞ্জের রাজনীতিতে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে আপনারা এই দেশের উন্নয়নের ধারাকে চালু রাখবেন। একজন মমতাময়ী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুপ্রাণিত হয়েই জালাল আহমেদ সাহেবের জন্য রাজনীতির মাঠে নেমেছি।
এসময় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার ও ফরিদগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উঠান বৈঠক এবং গণসংযোগে সার্বিকভাবে তদারকি করেন পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার সজীব, পৌর যুবলীগেরসাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক পাবেল পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম নিলফ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, মাসুম পাটওয়ারীসহ আরও অনেকেই।