কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জে পানিতে পড়ে ৬ বছরের এক শিশুর মুত্যু হয়েছে। ২৩ জুন বুধবার দুপুর ১২টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের তালুকদার বাড়ির জসিম তালুকদারের ছেলে ৬ বছরের শিশু সিয়াম তালুকদার পরিত্যক্ত পুকুরে পড়ে মারা যায়।
শিশু সিয়ামের দাদা লোকমান তালুকদারের ভাষ্যমতে, সকালে সিয়াম বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একসময় সকলের অগোচরে সিয়াম পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কেউই বিষয়টি খেয়াল করেনি। অনেকক্ষণ ধরে শিশু সিয়ামের দেখা না পেয়ে তাকে প্রথমে ডাকাডাকি ও খোঁজাখুঁজি করা হয়। কোথাও তার খোঁজ না পেয়ে একপর্যায়ে শিশুটির মায়ের মনে হলো সিয়াম বোধহয় পুকুরে পড়ে গেছে। তারপর দ্রুত তিনি পাশের পরিত্যক্ত পুকুরে নেমে পাগলের মতো হন্যে হয়ে খোঁজ করতে থাকেন। খুঁজতে খুঁজতে একপর্যায়ে সিয়ামের দেহ ডুবন্ত অবস্থায় তার পায়ে লাগে।
পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সিয়ামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।