কে এম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌরসভা আওয়ামী লীগের সদস্য সদ্য কারামুক্ত নেতা হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারীকে নাগরিক সংবর্ধনায় পুষ্পধারায় সিক্ত করেছেন সর্বস্তরের জনগণ।
আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ১০ মার্চ বুধবার বিকেলে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরেজ্জামান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া সংবর্ধনায় সংবর্ধিত নেতা হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, ‘অপরাজনীতির শিকার হয়ে আমি দীর্ঘদিন কারাভোগ করেছি। যারা মিথ্যে মামলা দিয়ে আমাকে এই হয়রানি করিয়েছেন, তারা নিজেরাও বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী! তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই; কারণ আমি প্রতিহিংসার রাজনীতি শিখি নাই, বঙ্গবন্ধুর রাজনীতিতে কোনো প্রতিহিংসা ছিল না। আমি সেই শিক্ষাকে কাজে লাগিয়েছি। আমার রাজনীতির গুরু আমার শ্রদ্ধেয় পিতা মরহুম মাহাবুবুল বাশার কালু পাটওয়ারী আমাকে বঙ্গবন্ধুর নীতি আদর্শের রাজনীতি শিখিয়েছেন।
উল্লেখ্য যে, ২০২০ সালের ২৫ ডিসেম্বর শুক্রবার ফরিদগঞ্জ পৌর এলাকার একটি মাছের ঘেরের বাঁধ কাটা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সাবেক যুবলীগ নেতা ও পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারীকে আটক করে পুলিশ। তারপর ২ মাস ৭ দিন কারাভোগ শেষে ৪ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ চৌধুরী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন মহরম, ১নং ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মিজি, ২নং ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুকছুদুল বাশার মিথুন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মিজি, যুবলীগ নেতা কামাল চৌধুরী, অপু চৌধুরী প্রমুখ।