আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় শিশু ও নারীদের ওপর হামলা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

যূথীর বয়স সাড়ে তিন বছর আর রাফির ২ বছর। তাদের ঘরের পাশেই রাখা বালি নিয়ে খেলা করছিল তারা।

গায়ে বালি মাখাতে তাদের মা হাওয়া বেগম ছেলেমেয়েকে বকা দেয় এবং বালির পাশেই পানি দিয়ে ছেলেকে গোসল করায়। বালির স্তূপ ছিল পাশের ঘরের বিল্লাল মোল্লাদের।

তাদের বালি কেন ভিজালো- এই নিয়ে দুই পক্ষের তুমুল ঝগড়া। একপর্যায়ে বিল্লাল মোল্লার ছেলেরা কয়েক দফায় হাওয়া বেগম (২৮), তার ননদ রুমা আক্তার (২১) এবং বৃদ্ধা শাশুড়ি ফাতেমা বেগমকে (৬০ মারধর করে।

এরমধ্যেই জোরপূর্বক তারা হাওয়া বেগমের ঘরে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের বিষকাটালি গ্রামের মোল্লা বাড়িতে।

এ ঘটনাকে কেন্দ্র করে হাওয়া বেগম বাদী হয়ে চাঁদপুর কোর্টে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় মাসুদ মোল্লা, শরীফ মোল্লা, পিতা- বিল্লাল মোল্লা, বিল্লাল মোল্লা, পিতা- মৃত আহমদ উল্যাহ মোল্লা, জান্নাত বেগম, পিতা- বিল্লাল মোল্লা, মনুফা বেগম, পতি- বিল্লাল মোল্লা।

মামলার আরজি মোতাবেক জানা যায়, ১২ ফেব্রুয়ারিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বের ভূমি সংক্রান্তের জের ধরে বাদীনি এবং তার স্বজনদেরকে পুরুষশূন্য পেয়ে মারধর করে মারাত্মকভাবে জখম করে। পূর্বপরিকল্পনা মোতাবেক হাতে রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে।

এসময় তার কোলে থাকা ৪ মাস বয়সী বাচ্চাকে ছুড়ে ফেলে দিয়ে বাদীনি হাওয়া বেগমকে এলোপাথাড়ি মারধর করে। বিল্লাল মোল্লা তার হাতের রড দিয়ে হাওয়া বেগমের মাথা লক্ষ্য করে সজোরে আঘাত করে।

আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ মোল্লা হাওয়া বেগমের ৪ মাস পূর্বে সিজার করা স্থানে লাথি দিয়ে মারাত্মকভাবে আহত করে। শরীফ তার হাতে থাকা রড দিয়ে হাওয়া বেগমকে বাম বাহুতে আঘাত করে।

হাওয়া বেগমের ডাকচিৎকারে সেখানে ছুটে আসে তার শাশুড়ি ফাতেমা বেগম এবং ননদ রুমা আক্তার। তাদেরকেও ছাড়েনি মাসুদ আর শরীফ। বৃদ্ধা ফাতেমা বেগমকে (৬০) আঘাত করে আধমরা করে রাখে। বাঁশ দিয়ে ফাতেমা বেগমের পিঠে আঘাত করা হয়।

এসময় তারা রুমা বেগমকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। এছাড়া তারা তরুণী রুমার তলপেটেও লাথি মারে। এসময় তারা ঘরে ভাঙচুর এবং লুটপাট চালায়। রুমার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন, আলমারির ড্রয়ারে থাকা নদগ ৩৫ হাজার টাকা নিয়ে যায়।

ভবিষ্যতে বাড়াবাড়ি করলে হাওয়া বেগম গংদের জানে মেরে ফেলার হুমকিও দেয়। মারামারির একপর্যায়ে অবস্থা খারাপ দেখে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ সদর হাসপাতালে নিতে গেলে হামলাকারীরা বাধা সৃষ্টি করে।

উপায় না পেয়ে তারা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা নেয়। ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার কারণে কোর্টে মামলা করতে দেরি হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়। মারামারির একাধিক ভিডিও ঘটনার সত্যতা প্রমাণ করে।

ঘটনাস্থলে গেলে কাৎরাতে কাৎরাতে বৃদ্ধা ফাতেমা বেগম বলেন, বাবা, ওরা আমাকে বাঁশ দিয়ে পিঠে বাড়ি মেরেছে। আমার পুতের বৌ আর আমার মেয়েকেও মেরেছে।

মামলার বাদী হাওয়া বেগম বলেন, আমার আর আমার ননদের ছোট ছোট বাচ্চাগুলো ওদের বালি নিয়ে খেলতে গিয়ে নিজেদের শরীর বালি দিয়ে ভরে ফেলে।

আমি তাদের বকা দিয়ে ওইখানে পানি নিয়ে তাদের গোসল করাই। গোসলের পানি তাদের বালিতে কেন গেল এজন্য ওরা আমাদের ঘরে প্রবেশ করে আমাদের মেরেছে।

আমার ৪ মাসের সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিয়ে ছিটকে ফেলে দিয়েছে। তারপর রড দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিয়ে লুটিয়ে পড়ি। এসময় তারা আমার সিজার করা জায়গায় লাথি মারে।

ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পুরুষদের কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল নাম্বার চাওয়ার পর তাদের স্ত্রীগণও পালিয়ে যায়। পরে ৫নং আসামী বিল্লাল মোল্লার স্ত্রী মনুফা বেগম (৫০) এর কাছে জানতে চাওয়া হয় ১২ ফেব্রুয়ারিতে সেদিন কী ঘটেছিল।

তিনি বলেন, আমরা আমাদের জায়গায় বালু রাখছি। তাদের বাচ্চারা আমাদের বালু নষ্ট করে দিছে। পানি ঢেলে দিছে। আমরা বাচ্চাদের বকা দিলে তারা উল্টো আমাদের গালি দিছে।
তাদের ঘরে গিয়ে কেন মারলো আপনার সন্তানরা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওদের মুখ খারাপ। আমার স্বামীর দাড়ি ছিঁড়ে ফেলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ