কে এম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
‘আঞ্জুমানে এশায়াতে ছাইফিয়া মুজাদ্দেদীয়া বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ চান্দ্রা দরবার শরীফে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় কর্মী সম্মেলন ২০২১।১৩ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় চান্দ্রা দরবার শরীফের অডিটোরিয়ামে দরবারের আমীরে আলা সাজ্জাদানশীন পীর আলহাজ্ব ড. এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী সাহেবের সভাপতিত্বে আরম্ভ হওয়া সম্মেলনে প্রধান মেহমান ছিলেন হিন্দুস্তান রিয়াসাতে রামপুরের খানকায়ে এনায়েতিয়ার গদ্দিনীশীন পীর এবং মোজাদ্দেদে আলফেসানী (রহঃ)-এর দরবার শরীফের সম্মানিত দোয়াগীর হাফেজ ক্বারী আতিক উল্লাহ খান নকশবন্দী মোজাদ্দেদী সাহেব।তিনি বলেন, ‘জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা যেকোনো একজনের আদর্শকে অনুসরণ করা দরকার। এখন ইসলাম ধর্মে ক্রান্তিকাল চলছে, ঈমান ধরে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলছে, তাই তো আমরা তরীকতের দ্বীনের কাজে সময় বের করতে পারি নাই। আজকে আপনারা যারা মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অবশ্যই আল্লাহর পক্ষ হতে এর উত্তম যাজা পাবেন।’তিনি আরও বলেন, ‘যারা তরীকত সম্পর্কে, এলেম সম্পর্কে, সুন্নীয়ত সম্পর্কে, প্রকৃত ইসলাম সম্পর্কে জানে এবং তাসাউফ যে প্রকৃত ইসলাম; তারা যেন সেই মেসেজ আপনাদের মাঝে পৌঁছে দেয়।’মোহাম্মদ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আঞ্জুমানের মহাসচিব আলহাজ্ব অ্যাড. ড. কামরুল হাসান সাইফী, নেদায়ে ইসলামের সেক্রেটারি জেনারেল ডাক্তার ইসমাইল হোসেন সিরাজী, কেন্দ্রীয় আঞ্জুমানের নায়েবে আমির আলহাজ্ব মাওলানা শরীফ মুহাম্মদ তাজাম্মুল হুসাইন, নায়েবে আমির ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, মো. ফিরোজ আলম সাইফী, মাওলানা আনোয়ার হোসেন সাইফী, আব্দুর রহমান সরকার, খাদেম আব্দুর রহমান সহকারে আঞ্জুমানের বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকসহ উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম।সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর সম্মানিত দোয়াগীর হাফেজ ক্বারী আতিক উল্লাহ খান নকশবন্দী হুজুর মুনাজাত পরিচালনা করেন।