আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে অবৈধভাবে খাল দখল, প্রশাসন নীরবে

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : 
ফরিদগঞ্জে অবৈধভাবে খাল দখলের মহাউৎসবে চলছে। এতে করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ক্ষতি হচ্ছে হাজার হাজার একর ফসলি জমি।
পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয় কৃষকরা। এ বিষয়ে স্থানীয় লোকজনের স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একাধিকবার জমা দিলেও কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করেনি তারা।
এ নিয়ে এলাকাজুড়ে বিরূপ আলোচনার সৃষ্টি হয়েছে। ‘প্রশাসন নীরব মানে কি অন্য কিছু হয়েছে!”- এমন প্রশ্ন স্থানীয়দের মাঝে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে খাড়খাদিয়া গ্রামের অলিউল্যা সরকারি খালের উপরে পাকা ইমারত নির্মাণ করে খালের পানি নিষ্কাশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে করে খাড়খাদিয়া গ্রামের ফসলি জমিতে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
এই কারণে নির্ধারিত ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন কৃষকরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিকবার এলাকাবাসীর স্বাক্ষরিত স্মারকলিপি জমা দিলে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বলে জানান স্থানীয় লোকজন।
স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে বাধা দিলেও কোনো প্রকার কর্ণপাত করেনি অলিউল্যা। সে বিভিন্ন উপায়ে সকলকে ম্যানেজ করে দখল করে রেখেছে সরকারি খাল- এমনটাই জানা গেছে স্থানীয় লোকজনের মাধ্যমে।
গত অর্থবছরের খাল খনন কর্মসূচির সময় ইউনিয়ন পরিষদ থেকে খাল খনন করা হলে অলিউল্যা তার অবৈধ দখল ইমারত ভেঙ্গে ফেলে দিবে বলে চেয়ারম্যানের কাছে স্বীকার করেন। কিন্তু এখন পর্যন্ত কার ক্ষমতাবলে সরকারি খালের উপর অবৈধ স্থাপনাঠি বলবৎ রয়েছে এটি একটি বিরাট প্রশ্ন।
স্থানীয় লোকজন বলেন, আমরা গত কয়েক বছর ধরে এই অবৈধ খালের উপর গড়ে ওঠা স্থাপনা সরিয়ে ফেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করে আসছি; কিন্তু সেখান থেকে কোনো সমাধান হচ্ছে না।
এই অবৈধ স্থাপনার কারণে এই খাল দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা কম থাকায় আমাদের ফসলি জমি থেকে প্রাপ্ত ফসল পাওয়া যাচ্ছে না। আমরা এর প্রতিকার চাই।
অবৈধ দখলদার অলিউল্যা বলেন, আমার জমিতে আমি মাদ্রাসা নির্মাণ করেছি। পাশে খালের উপরে কিছু অংশ রয়েছে। আমি খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে ফেলে দেবো।
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, আমি খাল খনন করার সময় অলিউল্যাকে বলেছি তার ইমারত ভেঙ্গে দিতে। সে বলেছিল পরে ভেঙ্গে দিবে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরী বলেন, আমার কাছে কোনো অভিযোগ আসেনি, এলে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্মারকলিপি জমা দেওয়া ছবি দেখালে তিনি বলেন, এখনও আমার কাছে আসেনি। চেয়ারম্যান আমাকে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ