সাভার প্রতিনিধি :
সাভারে ইউপি চেয়াম্যানের গাড়ি চালকের বিরুদ্ধে নিজাম উদ্দিন নামের এক যুবলীগ কর্মীর হাতের নখ প্লাস দিয়ে উপড়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে । এছাড়াও ওই যুবলীগ কর্মীকে এলাকা থেকে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । এই ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কোন ব্যবস্থা নেয়নি পুলিশ । এর আগে গত বুধবার সন্ধ্যার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে ।
জানা গেছে, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রাজন ভুইয়া নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করার সময় স্বতন্ত্র প্রার্থীর একটি ক্যাম্প ভাঙচুর ও কয়েকজন সমর্থকের উপর হামলা চালায় । এ ঘটনায় রাজন ভুইয়াসহ যুবলীগ কর্মী নিজাম উদ্দিনের নামে মামলা দায়ের করা হয় । এরই সুত্র ধরে
বুধবার সন্ধ্যায় যুবলীগ কর্মী ডিস বিল উঠানোর সময় নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভুইয়ার গাড়ি চালক শাওনসহ ৫/৭ জন লোক তার গতিরোধ করে । এক পর্যায়ে যুবলীগ কর্মীকে কিল-ঘুষি মারতে শুরু করে । এসময় ওই যুবলীগ কর্মীর সাথে থাকা প্লাস নিয়ে শাওন তার হাতের আঙ্গুলের নখ উপড়ে দেয় । প্লাস দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে । অমানবিক নির্যাতন শেষে পিটিয়ে তার পা ভেঙ্গে দেওয়ার পর তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় তারা ।
যুবলীগ কর্মী নিজাম উদ্দিন বলেন, তিনি যুবলীগ কর্মীর পাশাপাশি রাজন ভুইয়ার ডিসের কর্মচারী হিসেবে কাজ করেন । বুধবার সন্ধ্যায় বিভিন্ন বাসা-বাড়ি থেকে বিল উঠানোর সময় ইউপি চেয়ারম্যানের গাড়ি চালক ও লোকজন প্লাস দিয়ে তার হাতের নখ উপড়ে দিয়েছে । এ ঘটনার পর পুলিশ আসলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি ।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহম্মেদ ভুইয়া বলেন, তার গাড়ি চালকের সাথে হাতাহাতি হয়েছে । পরে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছে । এটা কোন নির্বাচনী সহিংসতা না বলেও দাবী করেন তিনি ।
আশুলিয়া থানার উপ পরিদর্শক এস আই মিলন ফকির বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তবে এক্সরে রিপোর্ট পাওয়ার পর বলা যাবে পা ভেঙ্গেছে কি না । এছাড়াও অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।