সাভার প্রতিনিধি :
ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোশাররফ হোসেন মুসাকে প্রায় তিন হাজার ভোটেপরাজিত করে জয়লাভ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন মুসার চেয়ে ৩ হাজার ৫২ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ সুমন ভূঁইয়া।
ইয়ারপুর ইউনিয়নের মোট ৪২টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোশাররফ হোসেন মুসা নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৬৮ ভোট ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন ভূঁইয়া পেয়েছেন ১১ হাজার ৬২০ ভোট।
ইউনিয়ন উপ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী ছাড়া ইসলামী আন্দোলের হাতপাখা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। যাদের মধ্যে পর্যাপ্ত ভোট না পেয়ে জামানত হারাতে বসেছেন ৫ জন প্রার্থী।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৪২টি কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শামীম আহমেদ সুমন ভূঁইয়া বলেন, আমার বাবা এই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমার বাবার মৃত্যুর পর জনগনের অনুরোধে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
এ বিজয় ইয়ারপুর ইউনিয়নের প্রতিটি জনগণের। আমার এই জয় আমি পুরো ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন অপ্রিতিকর ঘটনার অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, প্রার্থী বাছাইয়ে ভুলের খেসারত দিতে হলো নৌকাকে।
গত দুই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যানের প্রয়াত বাবা সৈয়দ আহমেদ মাস্টার।
প্রায় ১০ মাস আগেও বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন সুমন ভূইয়ার বাবা। তার মৃত্যুতে এই ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এসময় শামীম আহমেদ সুমন ভূঁইয়া নৌকার মনোনয়ন চেয়েছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে মনোনয়ন দেয়াতেই নৌকার পরাজয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সাভারের ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় আজ এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০, মহিলা ৪০ হাজার ৪৭১ জন। আজকের নির্বাচনে মোট ভোট পরেছে ২৫ হাজার ৮শ ৩৮টি।