করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসায় সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
বূধবার (২রা মার্চ) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের ক্লাস ও ল্যাব শুরু হয়। এরপর আগামীতে খুব দ্রুত কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে ৫টি বিভাগের শিক্ষার্থী এ বছর ৩৬৬ জন ভর্তি হয়েছেন। এর আগে গত ২রা ফেব্রুয়ারি হতে অনলাইনে ক্লাস কার্যক্রম চলছিল।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সরব উপস্থিতি। চাঞ্চল্যে ভরে উঠেছে ইন্সটিটিউটের অঙ্গন। সেই সঙ্গে শিক্ষার্থী-কর্মচারীদের ব্যস্ততাও প্রত্যক্ষ করা যায়। অনেক দিন পর প্রাণ ফিরে পেয়েছে দুইটি একাডেমিক ভবন।
এদিন সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণা মুখরিত ছিল ক্যাম্পাস। ইন্সটিটিউটের মাঠ, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, কামিনীতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর পদচারণা ছিল।
কথা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েক নবীন শিক্ষার্থীর সঙ্গে। জামান নামের একজন বলেন, ‘মনে রাখার মতো একটি দিন হলো প্রথম দিনের এ ক্লাস। নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো আমার।এর আগে অনলাইনে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের আনন্দ পাইনি’।
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থী ইশতিয়াক বলেন, ‘নতুন জীবনের আগমণ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে পেরে কী যে আনন্দ লাগছে! নতুন নতুন বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, পরিচিত হচ্ছি। এ এক অন্য রকম অনুভূতি।’
এদিকে, ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ইন্সটিটিউটের এডমিন ইন-চার্জ ইসমত জেরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গঠন করা হয়েছে “র্যাগিং বিরোধী কমিটি”।
এতে বলা হয়েছে, র্যাগিং বিরোধী কমিটি র্যাগিংয়ে ভুক্তভোগী ছাত্র-ছাত্রীদের নিকট হতে অভিযোগ গ্রহণ ও বিস্তারিত তদন্ত করে র্যাগিং এর সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য সুপারিশ করবেন।
এছাড়া র্যাগিং বিরোধী কমিটি নিয়মিত ছাত্র-ছাত্রীদের নিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের র্যাগিংয়ে জড়িত না থাকার জন্য উদ্ভুদ্ধ করবেন।
বিভাগের প্রধানগণ জানান, সুনির্দিষ্ট তথ্য থাকলে বা কেউ র্যাগিংয়ে কিংবা হয়রানির শিকার হলে প্রক্টর অফিস, ছাত্র- নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালককে অবহিত করার পরামর্শ দেয়া হয়।