মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলার ১নং ওয়ার্ডের কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে আলহাজ্ব জাফর আহমদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক মিয়া টিউবওয়েল প্রতীক পেয়েছেন ৪৪ ভোট।
টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১৭-অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল (আনারস) প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ৪০ ভোট।
তাছাড়া, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে সাবেক জেলা পরিষদের সদস্য ও উখিয়া হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল (দোয়াত কলাম) প্রতীকে ৫৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তসলিমা আক্তার গোলাপী (ফুটবল) ৩৬ ভোট পেয়েছেন।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তসলিমা আক্তার রুমানা (টেবিল ঘড়ি) ২ ভোট। এর আগে সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়।
এ ছাড়া প্রত্যেক ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন ও আনসার সদস্য মোতায়েন ছিল। এ নির্বাচনে টেকনাফে উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ১টি ও ৬টি ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্য সহ মোট ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, টেকনাফ ১নং ওয়ার্ড জেলা পরিষদ সদস্য নির্বাচনে ২জন প্রার্থী অংশ গ্রহণ করেন।