দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারস্থ কেয়া ডেন্টাল কেয়ারে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত।
এ ঘটনায় কেয়া ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক ছৈয়দ এমএ মুসা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, আজ ৫ অক্টোবর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে।
পেকুয়া বাজারের ব্যবসায়ী ও আহত দন্ত চিকিৎসকের পরিবার সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর বিকালে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে চিকিৎসার কথা বলে দুই জন দুর্বৃত্ত চেম্বারে প্রবেশ করে অতর্কিত অবস্থায় তারা দন্ত চিকিৎসক মুসার উপর হামলা করে এবং চেম্বারের জিনিসপত্র ভাংচুর করে।
এসময় চেম্বারে থাকা অন্য রোগীরা প্রতিবাদ করলে তাদের ওপরও হামলার চেষ্টা চালায় রোগী পরিচয়ধারী স্বামী স্ত্রী। এসময় বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা দন্ত চিকিৎসকের চেম্বারে ভাংচুর ও লুটপাট চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় হামলাকারীদের তাৎক্ষনিকভাবে চিহ্নিত করা যায়নি।
এ বিষয়ে হামলার শিকার ডেন্টিস্ট এম এ মুছা বলেন, পরিকল্পিতভাবে এসে তারা আমাকে মারধর করেন এবং টাকা দাবী করেন। এসময় উপস্থিত রোগীরা প্রতিবাদ করলে তারা পালিয়ে যান৷ তিনি এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
অপরদিকে প্রকাশ্যে দিবালোকে দন্ত চিকিৎসকের চেম্বারে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দাসহ জড়িতদের গ্রেফতার দাবি করেছে স্থানীয় সচেতন সমাজ।
স্থানীয় চিকিৎসকেরা এ ঘটনার নিন্দা জানান। তারা বলেন কেউ অপরাধ করলে আইন আদালত আছে। কিন্ত প্রকাশ্যে এভাবে এসে মারধর ভাংচুর করা জঘন্য অপরাধ। তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।