দেলওয়ার হোসাইন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় এক পঙ্গু রিক্সা চালকের পরিবারকে ভিটেবাড়ি থেকে তাড়াতে বসতঘরে আগুন দিয়েছে দুর্ত্তরা। শুক্রবার গভীররাতে দুর্বৃত্তরা বসতভিটায় হানা দেয়। এ সময় তারা ঘরের কোনায় আগুন ধরিয়ে দেয়।
উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা চইরভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। রিক্সা চালক মাশেকুর রহমানের স্ত্রী জান্নাতুল মাওয়া জুলেখা বলেন, চাচা শ্বাশুর আব্দুল্লাহর সাথে তার স্বামীর বিরোধ রয়েছে।
সরকারি খাস জায়গায় বসতঘর নির্মান করে দীর্ঘ ৮ বছর ধরে বসবাস করে আসছে। বসতভিটার প্রতি লোলুপ দৃষ্টি পড়ে চাচা শ্বাশুর আব্দুল্লাহর।
সম্প্রতি ভিটে থেকে উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্র করে আসছে। প্রায় সময় হাকাবকাসহ হুমকি দিয়ে আসছে। পঙ্গু স্বামী কক্সবাজার শহরে অটোরিক্সা চালিয়ে সংসার চালায়।
তিনি আরো বলেন,গত ২৪ আগস্ট আব্দুল্লাহ অটোরিক্সা নিয়ে তার বাড়িতে মালামাল নিয়ে যাচ্ছিল। এ সময় মালামালের সাথে বিদ্যুতে তার লেগে সার্ভিসিং তার ছিঁড়ে যায়।
মিটার থেকে তার বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি তিনি স্থানীয় সমাজপতিকে জানালে এতে ক্ষিপ্ত হন আব্দুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় আব্দুল্লাহর স্ত্রী হামিদা বেগম বাড়িতে ঢুকে আমাকে মারধর করে।
চইরভাঙা গ্রামের সমাজপতি জাহাঙ্গীর আলম বলেন, মাশেকুর রহমান একজন পঙ্গু লোক। নিতান্ত অসহায়।আব্দুল্লাহকে ডেকে বিদ্যুতের বিচ্ছিন্ন তার ঠিক করে দিতে বলেছি। গভীররাতে বসতঘরে আগুন দেয়া হয়েছে। আমরা গিয়ে আগুন নিভায়।
প্রত্যক্ষদর্শী দিদারুল ইসলাম, ছৈয়দ আলম, হেফাজ উদ্দিন বলেন, আমরা রাতে মাছ ধরতে বের হই। এ সময় মাশেকের ঘরে আগুন জ্বলতে দেখে সেখানে ছুটে যাই। প্রতিবেশী লোকজনসহ আমরা আগুন নিভায়।
ঘরে জুলেখাসহ তার তিনটি ছোট ছোট বাচ্চা ছিল। এ সময় তারা ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিল। পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে আগুন দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়,আব্দুল্লাহ প্রভাবশালী ব্যক্তি। সে কারো কথা কর্ণপাত করেন না। অসহায় পরিবারের ওপর বার বার নির্যাতন করছে।
ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন,আগে থেকে মাশেকুর পরিবারের ওপর নির্যাতন চলে আসছে।
তারা পরষ্পর আত্মীয়। আব্দুল্লাহ কারো কথা শুনেনা। তবে ঘরে আগুন দেয়ার ঘটনাটি আমাকে কেউ জানায়নি।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ বলেন, বিদ্যুত অফিসে আমি যোগাযোগ করেছি।
তাদের লোক এসে ঠিক করে দিবে বলেছে। আমার স্ত্রীকে মারধর করেছে জুলেখা।আমি নিজেই গিয়ে আগুন নিভিয়েছি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। আমাকে ফাঁসানোর জন্য হয়তো নিজেরাই আগুন দিয়েছে।