আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

পেকুয়ায়  চোলাই  মদের কারখানার সন্ধান

দেলওয়ার হোসসাইন, পেকুয়া (কক্সবাজার) :

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির ৮-১০ টি ছোট-বড় কারখানার সন্ধান মেলে। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করে স্থানীয় এক ইউপি সদস্য।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ তা ধ্বংস করে দেন। এ সময় বিক্রির জন্য মজুত করা ৫৪ লিটার চোলাই মদ জব্দ করেছে।

বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১ টায় পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার রাখাইন পাড়ায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ।

এসময় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম, সচিব আবু তৈয়ব, ইউপি সদস্য আনিসুল করিম, রেজাউল করিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ করিম বলেন, ‘রাখাইন পাড়ায় কয়েকজন বাসিন্দা বেশ কিছুদিন ধরে চোলাই মদ তৈরি করে বাজারজাত করে আসছিল।

এতদিন তারা পেকুয়া, কুতুবদিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় তা সরবরাহ করছিল। সম্প্রতি পাহাড়িয়াখালী গ্রামে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলে তা সকলের নজরে আসে।’

এ বিষয়ে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এইচ এম বদিউল আলম বলেন, ‘বুধবার রাতে বেশ কয়েকজন যুবক মদ খেয়ে মাতলামি করতে দেখে স্থানীয় বাসিন্দারা রাখাইনপাড়া ঘিরে রাখেন।

পরে আমরা জনপ্রতিনিধিরা ও পুলিশের সদস্যরা সেখানে গিয়ে মদের কারখানাগুলো খুঁজে বের করি। পরে সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ ঘটনাস্থলে গিয়ে চোলাই মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম ধ্বংস করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ বলেন, ‘রাখাইন পাড়ায় ৮-১০টি ঘর থেকে অন্তত পাঁচ হাজার লিটার চোলাই মদের কাঁচামাল উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে এসব কাঁচামাল, চোলাই মদ উৎপাদনে ব্যবহৃত ৫৪টি ড্রাম, ২১টি বালতি ও ৩২টি পাতিল ধ্বংস করা হয়েছে। একইসাথে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৫৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন পরিমিতভাবে চোলাই মদ উৎপাদন ও পান করতে পারেন। কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন করায় চোলাই মদের কারখানা ও কাঁচামাল ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, ‘চোলাই মদ জব্দের ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ