দেলওয়ার হোসাইন,পেকুয়া(কক্সবাজার) :
কক্সবাজারের পেকুয়ায় সংরক্ষিত বন-ভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় হুমকির মুখে পড়েছে বারবাকিয়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা।
এতে তারা মৃত্যু ঝুঁকির আশংকায় পতিত হয়েছেন বলে জানান এ প্রতিবেদককে।
শনিবার (২ জুলাই) সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নে অবস্থিত দক্ষিণ বন-বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কার্যালয়ে এসে এবং মুটোফোনে হুমকি প্রদর্শনের এ ঘটনা ঘটে।
হুমকি প্রদর্শন করে যায় গত ১ জুলাই উচ্ছেদ হওয়া চিহ্নিত বনখেকো ইলিয়াস উদ্দিন সুমন ও তাদের আশ্রয়দাতা রাজনৈতিক লেবাসধারী গডফাদার ওয়াহিদসহ কয়েকজন গডফাদার।
স্থানীয় সচেতন মহল জানান, বেশ কিছুদিন ধরে বারবাকিয়া পাহাড়িয়াখালী এলাকার সাবেক ইউপি সদস্য ইসমাঈলের ছেলে ইলিয়াস উদ্দিন সুমন।
ইলিয়াস উদ্দিন সর্বশেষ দখলকৃত বনভূমি স্থায়ীভাবে পাকাপোক্ত রাখতে কয়েকদিন ধরে ইট-কংক্রিটের মাধ্যমে স্থাপনা নির্মাণ চালাচ্ছে। খবর পেয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান কর্মরত কর্মচারীদের সাথে নিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন।
উচ্ছেদ করে আসার পর থেকে তারা অব্যাহতভাবে বনখেকো ইলিয়াস উদ্দিন সুমন ও তার গডফাদাররা হুমকি দিয়ে যাচ্ছে। এতে তারা জীবনহানির শংকায় দায়ীত্ব পালন করছেন বলেও জানান সচেতন মহল।
হুমকির শিকার রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান মুটোফোনে জানান,গত কয়েকদিন ধরে ইলিয়াস উদ্দিন সুমন সংরক্ষিত বনভূমির পাহাড়বেষ্টিত জমি অবৈধ দখল করে ইট-কংক্রিট নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ চালাচ্ছেন।
খবর পেয়ে সরেজমিনে উপস্থিত হয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে চলে আসি। আসার পর থেকে ইলিয়াস ও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক কয়েকজন নেতা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
এতে আমিসহ কর্মকর্তা-কর্মচারীরা জীবনহানির মত ঘটনার শংকায় শংকিত হয়ে পড়েছি। আমি তাদের এ হুমকির বিরুদ্ধে প্রশাসনসহ আমার উর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ে সহযোগিতা কামনা করছি।