নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় পুলিশ পরিচয়ে দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ির টাকা লুটের ঘটনায় মুল হোতা মনোরঞ্জন রাজবংশি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রাতে মনোরঞ্জন রাজবংশিকে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় মামা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার প্রায় ৮ মাস পর তাকে গ্রেফতার করলো পুলিশ।
গ্রেফতার মনোরঞ্জন রাজবংশী গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোসাতরা গ্রামের সাপচান রাজবংশির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় মাইক্রোবাস নিয়ে দিনে দুপুরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রায় ৮ মাস আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মনোরঞ্জন কৌশলে তার আত্নীয় পরীক্ষিত রাজবংশীকে কম দামে স্বর্ণ কিনে দেয়ার কথা বলে আশুলিয়ার বাড়ইপাড়া আসতে বলে। কথামত টাকা নিয়ে আসলে মাইক্রোবাস যোগে অন্য আসামীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনিয়ে নেয়। এসময় ধস্তধস্তি করলে পরীক্ষিতকে মাইক্রোবাসে তুলে নিয়ে মির্জাপুরে সড়কের পাশে তাকে ফেলে যায়। তবে ঘটনাস্থল থেকে স্থানীয়রা শহিদুল নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সূত্র অনুয়ায়ী তদন্ত করে গতকাল রাতে মুলহোতা মনোরঞ্জকে গ্রেফতার করা হয়। এরআগে এঘটনা নিত্যরঞ্জন, শহিদুলকে, মাইক্রোবাসের চালক আফসার উদ্দিন ও চালকের সহযোগী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে পরীক্ষিত রাজবংশী নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় র্দুবৃত্তরা। এসময় একজনকে আটক করা হয়।