জাবি প্রতিনিধি:
টানা দ্বিতীয়বারের মতো পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজউদ্দিন সিকদার।
সোমবার (২৫ এপ্রিল) তাজউদ্দিন সিকদার তথ্য নিশ্চিত করে বলেন, “পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্তি সম্মানজনক এবং বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।
এ দায়িত্ব পালনের জন্য পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করতে পারবো।”
গত ২৩ এপ্রিল রাজধানীর মহাখালীতে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি নির্বাচিত হন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির এবং সাধারণ সম্পাদক হন ড. শহীদুল্লাহ। এতে ২০২০-২১ সেশনের পর টানা দ্বিতীয়বারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ড. তাজউদ্দিন সিকদার।
স্বাধীনতা উত্তর বাংলাদেশের জনস্বাস্থ্যের প্রসার ও সমৃদ্ধির জন্য জনস্বাস্থ্যবিদদের একত্রে নিয়ে কাজ করার স্বার্থে ১৯৮০ সালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএইচএবি) প্রতিষ্ঠা লাভ করে।