আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

নয়াহাট কলেজের ভাঙা রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা, সংস্কারের দাবি

কে এম নজরুল ইসলাম : 
নয়াহাট বাজারের চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকের সামনের রাস্তাটি ভেঙে গিয়ে বেহাল দশা ও খুবই নাজুক অবস্থা বিরাজমান। বৃষ্টির পানি নেমে রাস্তার প্রায় অর্ধেক অংশ ভেঙে বিরাট গর্ত তৈরি হয়েছে। প্রায়শই এখানে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই রাস্তাটি কলেজের পাশ দিয়ে গিয়ে সংযুক্ত হয়েছে ধানুয়া বাজারের মূল সড়কের সঙ্গে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট বাজার জনবহুল একটি বাজার। প্রতিদিন আশপাশের এলাকার মানুষজন এই পথ দিয়ে বাজারে যাতায়াত করে। বাজারেই অবস্থিত একটি কলেজ, একটি হাইস্কুল ও একটি প্রাইমারি স্কুল, দুটি কিন্ডারগার্টেন। বাজার লাগোয়া কয়েকটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি দীনিয়া মাদ্রাসা রয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন চলাচলের এই রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে জনগণ ও শিক্ষার্থীদের।
বাজারের দোকানদার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নয়াহাট বাজারে কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই। বর্ষাকালে বৃষ্টি হলে বাজারের সব পানির স্রোত নামে এইখান দিয়ে। বৃষ্টির পানি নামতে নামতেই ভেঙেছে এই রাস্তা। রাস্তার পাশেই একটি অব্যবহৃত পুকুর রয়েছে। পুকুর হয়ে পানি নেমে যায় বিলে, বিল হয়ে পানি চলে যায় খালে। রাস্তার এহেন দুর্দশার জন্য  কষ্ট পেতে হচ্ছে গাড়ি চালকদেরও। সবাই দাবি জানিয়েছেন, রাস্তাটির এই ভাঙ্গা অংশটুকু ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত সংস্কার করা হোক।
অটো ড্রাইভার কালু বলেন, ‘কয়েকদিন আগে এখানে এক্সিডেন্ট হয়েছে। একটা অটো গাড়ি ভাঙা রাস্তার কারণে পুকুরে পড়ে গিয়েছিল। এছাড়া আরও অনেক দুর্ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে অপরিচিত ড্রাইভারদের দুর্ঘটনার ভয় থাকে বেশি।’
বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন সরকার বলেন, ‘যদি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকতো, তাহলে বৃষ্টির পানি নামতে পারতো সুন্দরভাবে। না থাকার ফলে রাস্তা এদিকে একটু ঢালু হওয়ায় সব পানি নামে এখান দিয়েই। আর সেজন্যই পানি নামতে নামতে রাস্তার সাইডের মাটি সরে যায়। তাতেই ভাঙতে থাকে রাস্তা। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে পুরো রাস্তাই ভেঙে যাবে, তখন চলাফেরায় আরও বেহাল দশা হবে মানুষের।’
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৮নং ওয়ার্ডের আব্দুস ছাত্তার মেম্বার বলেন, ‘সরকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার ধারাবাহিকতা চলমান। নয়াহাট কলেজের সামনের ভাঙ্গা রাস্তাটুকু আসলেই স্বাভাবিক চলাফেরায় সমস্যা তৈরি করছে। ইউনিয়ন পরিষদের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব উপরমহলকে বলে সংস্কারের ব্যবস্থা করার জন্য।’
ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী জানান, ‘উপজেলার আইন শৃঙ্খলার সভায় আমি এই বিষয়ে উত্থাপন করেছি। আশা করছি খুব দ্রুত সময়ে রাস্তাটির সংস্কার হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ