আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নোবিপ্রবিতে কোয়েন এর উদ্যোগে ‘এনভোলীড প্রেজেন্টস ডিসেম্বর প্লাগিং’ অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) এর উদ্যোগে এনভোলিড নিবেদিত ডিসেম্বর প্লগিং নামক ইভেন্টের আয়োজন করেছে।

ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা বর্তমান সময়ের দুইটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দু’টি বিষয় সামনে রেখে ডিসেম্বর মাস জুড়ে কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) আয়োজন করছে “এনভোলীড প্রেজেন্টস্ ডিসেম্বর প্লগিং”। ‘প্লগিং’ হলো জগিং এর সাথে আবর্জনা তোলার সমন্বয়। এই ইভেন্টের আওতায় নোয়াখালী জেলার তিনটি স্থানে প্লগিং করছে কোয়েন। গত ৯ ডিসেম্বর মাইজদী পৌর পার্কে প্লগিং করার মাধ্যমে ‘ডিসেম্বর প্লগিং’ এর এই যাত্রা শুরু হয়। ইভেন্টের ২য় দিনে প্লগিং করা হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার-ঊল-আলম এর উপস্থিতিতে ‘ডিসেম্বর প্লগিং’ এর দ্বিতীয় দিনে যোগ দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনভোলীড লিমিটেডের কর্মকর্তাগণ। কোয়েন এর স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সর্বত্র পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের আওতায় প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইজদী পৌরসভা থেকে ময়লা-সংগ্রহকারী ট্রাক নিয়ে আসা হয় এবং সংগ্রহকৃত ময়লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হয়।

‘ডিসেম্বর প্লগিং’ কার্যক্রমের প্রশংসা জানিয়ে মাননীয় উপাচার্য মহোদয় উল্লেখ করেন, “এরকম পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো কিভাবে সাসটেইনেবল করা যায় এ বিষয়ে আমাদের ভাবতে হবে। নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ব্যক্তিগত পর্যায়েও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোনোভাবেই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা যাবে না।” এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামানও উপস্থিত ছিলেন সেই সাথে উপস্থিত ছিলেন একই ডিপার্টমেন্ট এর প্রভাষক ও কোয়েন এর কোঅর্ডিনেটর কামরুজ্জামান তুষার ও অন্যান্যা শিক্ষক শিক্ষিকামন্ডলী।

এনভোলীডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোরশেদুল বারী এবং ইনোভেশন এন্ড সাসটেইনেবিলিটি অফিসার মো: আবু রাহাত উপস্থিত ছিলেন। নোয়াখালী উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে অন্যতম একটি জলবায়ু-ঝুকিপূর্ণ জেলা এবং এখানে নানা ধরণের জলবায়ু-উদ্ভূত দুর্যোগের প্রকটতা দিন দিন বাড়ছেই। তাই, এ জেলায় আঞ্চলিক পর্যায়েই এসব সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ কিভাবে নেয়া যায় সে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েই ‘ডিসেম্বর প্লগিং’ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেছে বলে জানিয়েছে এনভোলীড লিমিটেড।

আগামী ১৫ তারিখে মাইজদী হাউজিং এরিয়ায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে শেষ হবে ‘ডিসেম্বর প্লগিং’ এর এবারের আয়োজন। কোয়েনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “প্লগিং পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার একটি নতুন আন্দোলন। আমরা চাই বিশ্বের অন্যান্য দেশের সচেতন নাগরিকদের মতো আমাদের দেশেও প্লগিং এর মাধ্যমে জনগণ পরিবেশ ও স্বাস্থ্য সচেতন হয়ে উঠুক।” এ বিষয়ে সাধারণ সম্পাদক মায়িশা মিশকাত বলেন, “আমরা আনন্দিত যে, আমাদের এই আন্দোলনে এনভোলীডকে পাশে পেয়েছি। পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় প্লগিং গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশাবাদী।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ