আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটার শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজন

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি

পবিত্র রমজান হলো ভ্রাতৃত্ব ও সহমর্মিতার মাস। এই চেতনাকে ধারণ করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীরা দুটি পৃথক উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার আয়োজন করেছেন।

বুধবার (১২ মার্চ) নিটারের সামাজিক সংগঠন ‘মাস্তুল’ এবং নিটার ১৪তম আবর্তনের শিক্ষার্থীদের ভিন্ন দুইটি উদ্যোগে আয়োজন সুসম্পন্ন হয়।

‘মাস্তুল’ সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে পথশিশুদের নিয়ে একত্রে ইফতার মাহফিলের আয়োজন করে। শিশুদের মুখে হাসি ফোটাতে সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে একই কাতারে বসে ইফতার করেন।

অন্যদিকে, নিটারের ১৪তম আবর্তনের শিক্ষার্থীরা নবীনগর, নয়ারহাট ও ধনিয়া এলাকায় প্রায় দেড় শতাধিক ছিন্নমূল, দিনমজুর ও পথশিশুর মধ্যে ইফতার বিতরণ করেন। আয়োজকদের মতে, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য।

দুটো উদ্যোগ ভিন্ন হলেও পবিত্র মাহে রমজানের ইফতার আমেজ পথশিশু, দিনমজুরসহ সুবিধাবঞ্চিত শ্রেণির সাথে ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্য এক রেখেছেন এমনটাই বলছেন নিটারের সকল শিক্ষার্থী। নিটার ক্যাম্পাসজুড়ে প্রশংসিত হয়েছে তাদের এই আয়োজন। আয়োজকরাও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কাজ চালিয়ে যাবেন, এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন সবাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ