আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটার প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০২৫ এর জমকালো মেগা অকশন সম্পন্ন

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি

ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর অন্যতম জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা নিটার প্রিমিয়ার লিগ (এনপিএল) ২০২৫-এর মেগা অকশন জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।

নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর আয়োজনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় ইনস্টিটিউটের ইয়ার্ন ল্যাবে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির নিলাম পর্ব।

অকশন শুরুর আগেই অংশগ্রহণকারী বারোটি দলের অধিনায়ক ও ম্যানেজমেন্ট সদস্যরা উপস্থিত হন। প্রতিটি দল নিজেদের সেরা স্কোয়াড গঠনের পরিকল্পনা নিয়ে অকশনে অংশ নেয়। দলগুলোর মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, যেখানে প্রত্যেকটি দল নিজেদের শক্তিশালী করার জন্য সেরা খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করে।

এই মৌসুমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল বার্সারকার সোর্স, ফ্যান্টম স্ম্যাশার, রাফসোডিক বোহেমিয়ানস, অ্যালোনস ইলেভেন, সিলভার ডাইভান্স, রুথলেস রাইডারস, দূরন্ত দূর্নিবার, সিমপ্লেক্স বাটপারস, দ্য অপটিমাইজার, শাটল ডায়নামাইটস, ফ্লিস ও ড্যাজাল ডায়নামাইটস। প্রতিটি দলের পক্ষ থেকে তাদের অধিনায়করা অকশনে অংশ নেন এবং নিজেদের জন্য সেরা খেলোয়াড় বাছাই করেন।

বার্সারকার সোর্স দলের নেতৃত্বে ছিলেন সাব্বির হোসেন, ফ্যান্টম স্ম্যাশারের ক্যাপ্টেন ছিলেন তানজিম শাহরিয়ার, রাফসোডিক বোহেমিয়ানসের অধিনায়ক ছিলেন কাইয়ুম সিয়াম, অ্যালোনস ইলেভেনের অধিনায়ক ছিলেন বাকি বিল্লাহ, সিলভার ডাইভান্সের নেতৃত্বে ছিলেন ওয়াসিফ পাঠান, রুথলেস রাইডারসের অধিনায়ক ছিলেন লিমন আহমেদ, দূরন্ত দূর্নিবারের নেতৃত্বে ছিলেন সাব্বির হোসেন, সিমপ্লেক্স বাটপারসের ক্যাপ্টেন ছিলেন খায়রুল বাসার আলিফ, দ্য অপটিমাইজারের অধিনায়ক ছিলেন মুনতাসির প্রণয়, শাটল ডায়নামাইটসের অধিনায়ক ছিলেন নাজমুস সাকিব, ফ্লিস দলের নেতৃত্বে ছিলেন আবু হাসিব নিরব এবং ড্যাজাল ডায়নামাইটসের অধিনায়ক ছিলেন মুবিন মৃধা।

এই নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল ৫১০ টাকা, এবং এই মূল্যেই রুথলেস রাইডার্স দলের মশিউর রহমান এবং রাফসোডিক বোহেমিয়ানস দলের জয় ঘোষ নির্বাচিত হন। এছাড়া, ৫০০ টাকায় নিলামের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যে শাটল ডায়নামাইটস দলে অন্তর্ভুক্ত হন মেহেদী মারুফ।

সারা বিকেলজুড়ে চলা এ নিলাম পর্বে প্রতিটি দলের প্রতিনিধিরা কৌশলগত পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড় সংগ্রহ করেন। অনেক খেলোয়াড়ের জন্য একাধিক দল আগ্রহ দেখালে নিলামের উত্তেজনা আরও বাড়তে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত একাধিক বিড ও কাউন্টার বিডের মাধ্যমে দলগুলো তাদের স্কোয়াড চূড়ান্ত করে।

অবশেষে, সফলভাবে সম্পন্ন হয় নিটার প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০২৫-এর মেগা অকশন। দলগুলো নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে, যা আসন্ন ম্যাচগুলোর প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে তুলবে। এখন সকলের নজর থাকবে মাঠের প্রতিযোগিতার দিকে, যেখানে নির্ধারিত হবে কোন দল শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ছিনিয়ে নিতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ