আজ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ ইং

নিটার কম্পিউটার ক্লাবের আয়োজনে রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত

নিটার প্রতিবেদন:

রোবোটিক্সের মৌলিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ অনুষ্ঠিত হয়েছে ‘এনসিসি রোবোটিক্স ওয়ার্কশপ’।

নিটার কম্পিউটার ক্লাবের (এনসিসি) উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) দুপুর ২টায় নিটার কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সাদিকুর রহমান ও মোসাম্মৎ সাইফা বিনতে স্নেহার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এনসিসির জ্যেষ্ঠ সদস্য মশিউর রহমান ও হাবিবুর রহমান। এরপর এনসিসির সেগমেন্ট হেড মেজবা উদ্দিন রোবোটিক্সের বর্তমান প্রেক্ষাপট ও এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন রাবিউল আলম মারুফ। পরে বক্তব্য রাখেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান মুয়াজ রহমান এবং এনসিসির সভাপতি ফারহান কবির সিফাত।

কর্মশালার বিশেষ আকর্ষণ ছিল ওয়াহিদ ফারহানের রোবোটিক্স কম্পোনেন্ট প্রদর্শনী। তিনি অংশগ্রহণকারীদের সামনে আর্ডুইনো, মাইক্রোকন্ট্রোলার, ইএসপি৩২ পিনআউট, মোটর ড্রাইভার ও এল২৯৩এন মোটর ড্রাইভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোবোটিক্স উপাদানের পরিচিতি, ব্যবহার ও কার্যপ্রণালি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেন।

এরপর নিটার কম্পিউটার ক্লাবের দক্ষ ও অভিজ্ঞ জ্যেষ্ঠ সদস্যরা নতুন ব্যাচের শিক্ষার্থীদের রোবোটিক্সের মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখান। অংশগ্রহণকারীরা বিভিন্ন রোবোটিক্স কম্পোনেন্ট ব্যবহার করে ব্যবহারিকভাবে শেখার সুযোগ পান। এতে শিক্ষার্থীরা রোবোটিক্সের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া সাজ্জাদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মুয়াজ রহমান, সিএসই বিভাগের প্রভাষক তানভীর আহমেদ এবং নিটার কম্পিউটার ক্লাবের মডারেটর উৎপল কান্তি দাসসহ সংশ্লিষ্ট শিক্ষক ও ক্লাবের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে রোবোটিক্সের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনচর্চায় আরও সক্রিয় হওয়ার এবং নতুন কিছু শেখার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া সাজ্জাদ কর্মশালার আয়োজনের জন্য নিটার কম্পিউটার ক্লাবকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের এ ধরনের প্রযুক্তিভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

নতুন শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে আগ্রহী করে তোলা এবং রোবোটিক্স বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ তৈরির মধ্য দিয়ে নিটার কম্পিউটার ক্লাবের এই ফ্ল্যাগশিপ কর্মশালার সমাপ্তি ঘটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ