ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) নিটার ব্লাড ডোনেশন সোসাইটি (এনবিডিএস) এর আয়োজনে এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও নিটার এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘ব্লাড ডোনেশন ও থ্যালাসেমিয়া’ শীর্ষক এক বিশেষ সেমিনার। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল
এনবিডিএস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটার–এর পরিচালক জনাব ড. আশেকুল আলম রানা। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বুরহান উদ্দিন বান্না সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে থ্যালাসেমিয়া রোগের বিভিন্ন দিক নিয়ে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। যেখানে থ্যালাসেমিয়া রোগের কারণ, ক্ষতিকর প্রভাব, প্রতিকার সহ বিভিন্ন তথ্য তুলে ধরে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা হয়।
এসময় বিনা পয়সায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, হিমোগ্লোবিন ও রক্তচাপ নির্ণয় করা হয়। এছাড়া অনেক শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিচালক জনাব ড. মোঃ আশেকুল আলম রানা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “সম্ভবত এটাই নিটারে প্রথম রক্তদান কর্মসূচি। রক্ত দান করা মহৎ কাজ। এছাড়া আমি সকলকে আহ্বান জানাব এমন আয়োজন নিয়মিত করার। এতে করে আমরা এসব রোগ সম্পর্কে সচেতন হতে পারব।”
নিটারের রেজিস্টার বদরুল হায়দার চৌধুরী বলেন, “এটি একটি চমৎকার উদ্যোগ। নিটারের ক্লাব গুলো নিয়মিত প্রশংসা কুড়ানোর মতো কাজ করে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করেছি ক্লাব গুলোকে নিয়মিত কাজ করার সুযোগ করে দেয়ার”।
এসময় এনবিডিএস এর সভাপতি নাজমুল হোসেন নাহিদ বলেন, “আজ আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হলো। আমরা নিটার প্রশাসন ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই। সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করছে যার মধ্যে অনেকে আজ জীবনে প্রথম রক্তদান করতে এসেছে।”
সারাদিনে সর্বমোট ৪১ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। শিক্ষার্থীরা এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।