ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি
রবিবার (২৩শে আগস্ট, ২০২৬) সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইন্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)–এ ‘নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব’ (এনবিআইসি) কর্তৃক আয়োজিত হয়েছে ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এসময় ক্যারিয়ার প্রস্তুতি, ব্যক্তিগত পরিচিতি ও লিংকডইন নেটওয়ার্কিং নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোঃ আলতাফ হোসেন রাজু এবং উপ ব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ।
শুরুতেই শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিফ আহমেদ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে আসফাক অর্ণব ও ইমতিয়াজ উদ্দিন খান।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি ‘লিংকডইন কমিউনিটি বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা মোঃ আলতাফ হোসেন রাজু ‘লিংকডইন নেটওয়ার্কিং’ সম্পর্কিত একটি সেশন নেন। তিনি তার অভিজ্ঞতা তুলে ধরার সময় জানান এটি ছিলো তার ২৩৩ তম সেশন। বর্তমানে ‘লিংকডইন কমিউনিটি বাংলাদেশ’ এর কমিউনিটিতে প্রায় ৫২ হাজার অনুসারী বিদ্যমান। বক্তব্যে, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে সুযোগগুলো আসে সেগুলোকে ধরে নেয়ার চেষ্টা করতে হবে। এই সুযোগ ও সময় কখনোই আর ফিরে পাওয়া যায় না।’
এরপর ‘লিংকডইন কমিউনিটি বাংলাদেশ’ এর উপ ব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ নেটওয়ার্কিং ও ব্যক্তিগত পরিচিতির গুরুত্ব এবং ক্যারিয়ার গঠনের ভূমিকার ওপর আলোকপাত করেন। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রথম বর্ষ থেকেই কীভাবে প্রস্তুতি গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করেন।
শেষে এনবিআইসি এর কো-মডারেটর রেজাউল ইসলাম তার জীবনের লিংকড ইন নিয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে এর গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সম্মাননা সার্টিফিকেট প্রদান, পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মাধ্যমে এই শিক্ষণীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়।