ধ্রুব সেন রাজ , নিটার প্রতিনিধি:
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ মঙ্গলবার (২৫শে আগস্ট, ২০২৬) বেলা ১১ ঘটিকায় ‘নিটার কম্পিউটার ক্লাব’ কর্তৃক আয়োজিত হয় একটি সমস্যা সমাধান ও প্রজেক্টভিত্তিক প্রতিযোগিতা, “নিটার ইনোভেট হ্যাকাথন”।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা। বিচারক প্যানেলে আরও ছিলেন নিটারের ৫টি বিভাগের বিভাগীয় প্রধান এবং রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ১৩তম ব্যাচের শিক্ষার্থী ইশহাক হোসেন।
প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশগ্রহণ করে, প্রতিটি দলে ছিলেন ৩ জন করে সদস্য। দলগুলো ক্যাম্পাসের বিভিন্ন বাস্তব সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে বিভিন্নমুখী প্রজেক্ট ও প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয়। প্রতিযোগীদের উপস্থাপিত প্রজেক্টগুলোর মধ্যে ছিল ক্যাম্পাসের তথ্যভিত্তিক নোটবুক প্ল্যাটফর্ম, আরএমজি সেক্টরের প্রোডাকশন প্ল্যানিং সহায়ক টুল, ক্যাম্পাসের ড্রেনেজ সমস্যার সমাধান, বাস ট্র্যাকিং সিস্টেম, প্রশ্নভিত্তিক তথ্য প্রদানকারী সিস্টেম, অ্যালামনাই প্ল্যাটফর্ম, ইআরপি সিস্টেম হালনাগাদকরণ, কাপড় স্ক্যান করে তথ্য প্রদানকারী প্রযুক্তি, ডিজিটাল ইসলামিক লাইব্রেরি, ক্লাস-সংক্রান্ত সংকট সমাধান এবং নিটারের বিভিন্ন ক্লাবের তথ্য একত্র করা একটি পোর্টালসহ আরও নানা উদ্ভাবনী উদ্যোগ।
পুরো অনুষ্ঠান জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক উৎসাহের এক মিশ্র আবহ। নিজেদের তৈরি প্রজেক্ট উপস্থাপনের সময় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আত্মবিশ্বাস ও সৃজনশীলতার স্পষ্ট প্রতিফলন, পাশাপাশি একে অপরের কাজ থেকে শেখার আগ্রহও ছিল লক্ষণীয়। অন্যদিকে আয়োজক ও বিচারকদের মধ্যে ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা দেখে সন্তুষ্টির প্রকাশ, এবং ক্যাম্পাসের বাস্তব সমস্যা সমাধানে তরুণ শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগকে তারা ভবিষ্যতের জন্য ইতিবাচক দিকনির্দেশনা হিসেবে দেখছেন বলে সার্বিক পরিবেশ থেকে ফুটে ওঠে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ১০ হাজার টাকার পুরস্কার নির্ধারণ করা হয়। তবে হ্যাকাথনের চূড়ান্ত বিজয়ীদের নাম এখনো ঘোষণা করা হয়নি; পরবর্তীতে অনলাইনে তা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এরপর একটি র্যাপিড কুইজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। যেখানে ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।