আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নানান সমস্যা পোহাতে হচ্ছে জাবির নতুন হলের শিক্ষার্থীদের 

জাবি প্রতিনিধি: হাবিবুর রহমান সাগর:

নতুন হলে সুযোগ-সুবিধা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর একটু ‘বেশি’ সুযোগ-সুবিধা পাওয়ার আশায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ১৮ নং ও ২১ নং হলে  ওঠেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। কিন্তু সুবিধা তো দূরের বিষয়, উল্টো নানামুখি সমস্যায় জর্জরিত হলের শিক্ষার্থীরা।

২১নং হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করে দৈনিক আগামীর সংবাদকে  বলেন, “হলে এখন পর্যন্ত ডাইনিং চালু করা হয়নি, যার কারণে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বাইরে থেকে বেশি দামে খাবার খেতে হচ্ছে, যা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।”

সম্প্রতি নতুন হল গুলোতে স্বল্প পরিসরে ক্যান্টিন চালু হয়েছে। যা হাজারখানেক ছাত্রের তুলনায় নগন্য। এতে বিশাল সংখ্যক আবাসিক শিক্ষার্থীদের চাহিদা পূরণে অক্ষম। অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য নিজস্ব কক্ষে কোনো চেয়ার-টেবিলের ব্যবস্থা না থাকায় পড়াশোনার ক্ষেত্রে অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন তারা।

পড়ার জন্য তাদের উপর তলা থেকে প্রতিদিন নিচ তলার রিডিং রুমে এসে পড়াশোনা করতে হয়। উদ্বোধনের প্রায় চার মাস কেটে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত আবাসিক হল নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমেনি ৷ শিক্ষার্থীদের অভিযোগ, হল প্রশাসন তাদের প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি আবাসিক হলের মধ্যে দুটির নির্মাণকাজ গত ডিসেম্বরে শেষ হয়। গত ২৩ জানুয়ারি ১৮ নং ও ২১ নং হলের চাবি তুলে দেওয়া হয় প্রভোস্ট অধ্যাপক ড. ছায়েদুর রহমান ও ড. তাজউদ্দিন শিকদারের হাতে।

পরে ছাত্রীদের আন্দোলনের মুখে ২৮ জানুয়ারি তড়িঘড়ি করে ছাত্রীদের হল খুলে দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ২৯ জানুয়ারি ছাত্রদের ২১ নং হল খুলে দেওয়া হয়। উদ্বোধনের প্রায় চার মাস কেটে গেলেও ২১নং হলের শিক্ষার্থীদের জন্য ডাইনিং ও মৌলিক সেবা সামগ্রীর ব্যবস্থা করতে পারেনি হল প্রশাসন।

অন্যদিকে, অভিযোগ উঠেছে ১৮নং ছাত্রী হলের খাবারের ক্যান্টিনের উপর । শিক্ষার্থীরা জানান,খাবারের সাথে মিলছে পোকামাকড়, তেলপোকা ও মশা-মাছি।
পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে না শিক্ষার্থীরা। পাশাপাশি খাবারের দাম বেড়েছে কয়েক গুণ। যা শিক্ষার্থীদের অসহনীয় করে তুলছে।

শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের সমস্যা নিয়ে হল প্রশাসনকে বেশ কয়েকবার জানানো হলেও তারা আমলে নেয়নি।

এছাড়া হলগুলোতে পর্যাপ্ত লোকবলের সংকট থাকায় হলের টয়লেট, করিডোর প্রায়ই অপরিষ্কার থাকে। ফলে স্বাস্থ্যঝুঁকিসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা।

২১নং ছাত্র হলের আবাসিক শিক্ষার্থী মো. মুন্না মিয়া জানান, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং পুরাতন হলের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নতুন হলে উঠেছিলাম। কিন্তু এখানেও আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।  হলের টয়লেট, করিডোর প্রায়ই অপরিষ্কার থাকে। এক হাজার শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সেবা সামগ্রী ও সুযোগ-সুবিধা এখানে নেই।

১৮ নং  হলের আবাসিক শিক্ষার্থী ঐশী ইসলাম বলেন, ‘হলে ওয়াশরুম প্রায়ই অপরিষ্কার থাকে। প্রায়ই লিফটের ত্রুটির জন্য দশ তলায় হেঁটে হেঁটে উঠতে হয়। দাম অনুযায়ী মানসম্মত খাবার পাওয়া যাচ্ছে না। পড়ার জন্য নেই কোনো চেয়ার-টেবিলও ।’

হল অফিস সূত্রে জানা যায়, ২১নং হল চালু হওয়ার পর অন্যান্য হল ও অফিস থেকে ৩৬ জন কর্মচারী নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কাজ শুরু করেছে ৩০ জন। মাত্র ৪ জন গার্ড পাহারায় নিয়োজিত আছেন। দশ তলা এ হলের মোট ৯০টি টয়লেট পরিষ্কারের জন্য আছেন মাত্র তিনজন সুইপার।

কমনরুম, টিভিরুমের জন্য কোন কর্মচারী নেই। ডাইনিংয়ের জন্য কোনো নিয়োগ না হওয়ায় এখনো ডাইনিং চালু করা হয়নি। এমনকি লিফট পরিচালনায় অপারেটরও নিয়োগ দেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, হলের প্রতিটি কক্ষে ছাত্রদের জন্য পৃথক বিছানা থাকলেও কোনো চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়নি। ডাইনিং-ক্যান্টিন চালু না হওয়ায় হাজার খানেক শিক্ষার্থীকে বাইরের খাবারের দোকানের উপর ভরসা করতে হয়। হলের করিডোর বা শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার না হওয়ায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।  এমন নানান সমস্যায় জর্জরিত নবনির্মিত এ আবাসিক হলগুলো৷

ছাত্রদের ২১ নং হলের প্রভোস্ট ড. মো. তাজউদ্দিন সিকদার বলেন, ‘এভাবে লোকবল সংকট নিয়ে হল চালানো খুবই কষ্টসাধ্য। লোকবল না থাকায় ডাইনিং চালু করা হয়নি, এছাড়া হলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও হলে পর্যাপ্ত লোকবল নেই। খাবারের মান যাচাই করতে একটা টিম তৈরি করেছি তারা খুব শীগ্রই বিষয়টি  দেখবে । লোকবলের চাহিদার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

১৮ নং ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, ‘ইউজিসির নির্দেশনা অনুযায়ী লোকবল নিয়োগ হলে সংকট কেটে যাবে। কারিগরি ত্রুটির জন্য প্রকৌশল অফিস কাজ করে যাচ্ছে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ