আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

নদীতে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ ২ কিশোর

নিজস্ব প্রতিবেদক :

সাভারে খেলার সময় অসাবধানতা বশত ২ কিশোর তলিয়ে যায় তুরাগ নদে। তাদের উদ্ধারের জন্য সন্ধা থেকে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার(২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে কাউন্দিয়া ইউনিয়নের ৩০ ফিট এলাকায় নদীতে ফুটবল নিয়ে খেলছিল ৬ কিশোর। এসময় বল একটু দূরে চলে গেলে তা আনতে যায় দুই কিশোর। বাকিরা অল্প পানিতে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছিল। বল আনতে যাওয়া দুই কিশোরের একজন সাঁতার জানলেও আরেকজন জানতনা। বন্ধুদের চোখের সামনেই পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায় তারা। সাভার মডেল থানার কাউন্দিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা এএসআই মোঃ ইব্রাহীম সমাদ্দার রাত ৮ টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ঘটনার পর থেকে গাজীপুর জেলার টঙ্গী ফায়ার সার্ভিসের ডূবুরি দল কিশোরদের উদ্ধার কাজ চালাচ্ছেন। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, খোঁজ পেয়ে আমরা উদ্ধার করতে গিয়েছিলাম। কিন্তু নদীর ওইপার হওয়ায় আমরা পৌছতে পারিনি। এছাড়া আমাদের সাভারে ডুবুরি দলও নেই। তাই আমরা ফিরে আসি এবং উদ্ধার কাজ শুরু করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টঙ্গী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার বাবুল হোসেন বলেন, ৩ জন ডুবুরী দলের সদস্য উদ্ধার কাজ চালাচ্ছেন। নিখোঁজ কিশোরদের নাম রিয়াদ(১৩) ও আলভী(১৪)। তারা যথাক্রমে ৭ম ও ৮ম শ্রেনীতে পড়াশোনা করত বলে প্রাথমিক ভাবে জানা যায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। রাত ৮ টা ৪০ এ শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোর দুজনকে এখনো উদ্ধার করা যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ