নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর টাকা দিয়ে শাড়ির বিনিময়ে ভোট কেনার অভিযোগে সুদিপ্ত মিত্র (২১) নামের সমর্থককে ৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাই ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম।
কারাদণ্ড প্রাপ্ত সুদিপ্ত মিত্র ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর টেবিল ল্যাম্প প্রতিকে প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জাকির হোসেন চৌধুরীর কর্মী।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম বলেন, ‘নির্বাচন কমিশনের রিকোজিশন মোতাবেক আমি ও জনাব ইসতিয়াক আহম্মেদ পৌর নির্বাচনে আচরণ বিধিমালা প্রতিপালনের জেলা প্রশাসন থেকে ১৪ দিনের জন্য নিযুক্ত হয়েছি। সেই দ্বায়িত্বের নিয়মিত টহলে আজ জানতে পারি যে, ধামরাইয়ে ৫ নং ওয়ার্ডে সুদিপ্ত মিত্র নামের এক ব্যাক্তি অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। সুদিপ্ত মিত্র অর্থ দিয়ে শাড়ি কিনে দেওয়া বিনিময়ে একজনকে ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছে। সেই ভোটার বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছে। ‘
তিনি আরও বলেন, ‘এই অপরাধে সুদিপ্ত মিত্রকে আমরা পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। এবং তার বিরুদ্ধে এই মুহুর্তে জেল ওয়ারেন্ট দিয়ে তাকে কারাগারে পাঠানোর জন্য বলা হয়েছে। ‘