ধামরাই প্রতিনিধি :
পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ সদরদপ্তর মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাইয়ে বায়ূ দুষণকারী অবৈধ ৭ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ইটভাটা গুলোর একাংশ গুড়িয়ে দেওয়া হয়।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের ডাউটিয়া, জয়পাড়া ও দেপাশাই এলাকার এই সাতটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বিভন্ন এলাকার ৭ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাউটিয়া এলাকার জারা ব্রিকসকে ৭ লাখ টাকা, একই এলাকার আমেনা ব্রিকসকে ১০ লাখ, মা ব্রিকসকে ৯ লাখ, খান ব্রিকসকে ৫ লাখ, সান ব্রিকসকে ৫ লাখ, জয়পাড়া এলাকার কাজলী-২ ব্রিকসকে ৬ লাখ ও দেপাশাই এলাকার সুপার-২ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইট ভাটার বৈধ কোন কাগজপত্র ছিল না।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, জরিমানা করা ইট ভাটা গুলো অবৈধভাবে ইট পুড়িয়ে পরিবেশ দূষণ করে আসছিলো। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব ইটভাটাগুলোর একাংশ গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসাবে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রতীক ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে স্বার্বিকভাবে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব ও মো. মোজাফফর খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সদরদপ্তরের মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট উইং এর পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালযের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদারসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।