নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল মৃত্যু হয়েছে। এঘটনায় আরো এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর ) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা । সে ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন।
পুলিশ জানায়, সকালে উপজেলা আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে করে রওনা হয়। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই শিক্ষক এবং মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই শিক্ষককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।
এঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষের ঘটনায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাকে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের ঘটনায় দুপুর পর্যন্ত কোনও অভিযোগ করেনি নিহতের স্বজনরা বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।