আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে যৌন হয়রানির প্রতিবাদকারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ধামরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মী এবং স্থানীয় শিক্ষার্থীরা।

বুধবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইরের কুশুরা এলাকায় যৌন হয়রানির প্রতিবাদ করায় আমাদের সহকর্মী ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল আহমেদের ছোট ভাই মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদের (২০) ওপর সন্ত্রাসীরা হামলা করে।

এতে গুরুতর জখম হয়ে রাজু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান আহমেদ, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী ইমাম জান কায়সারসহ ধামরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ঈদের দিন বিকেলে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামে স্থানীয় কয়েকজন বখাটে সেখানে ঘুরতে আসা মেয়েদের উত্ত্যক্ত করলে রাজুসহ কয়েকজন শিক্ষার্থী এর প্রতিবাদ করেন।

এরই প্রেক্ষিতে পরেদিন (২৩ এপ্রিল) বিকেলে একই এলাকায় বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় স্থানীয় শামীম ও শুকুর আলীর নেতৃত্বে ১০/১২ জন রাজুর ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে রাজুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সোমবার (২৪ এপ্রিল) আহত রাজুর বড় ভাই বাবুল আহমেদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ