নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিকদের উপর হামলা ও ভাঙচুর চালিয়ে নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে ধামরাইয়ের ইসলামপুর এলাকার আবদুল রহমান (৭৫) ও তার ছেল-মেয়েদের বিরুদ্ধে। এঘটনায় ৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে ।
মঙ্গলবার (০১ জুন) দুপুর ১ টার দিকে ধামরাই পৌর এলাকার ইসলামপুর মাদ্রাসা রোডের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজমিস্ত্রী (নির্মাণ শ্রমিক) মোঃ ইউনুস (৩৮), মোঃ মুমিনুল ইসলাম (৩০), মোঃ মতিউর রহমান (২১), লিটন (১৮), আনোয়ারা বেগম (২৫)।
অভিযুক্তরা হলেন, ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার ৮নং ওয়ার্ডের মৃত কুটু হাজীর ছেলে মো আব্দুর রহমান (৭৫), এবং আব্দুর রহমানের দুই ছেলে মােঃ আনােয়ার হােসেন আনু (৪৮), মােঃ খােকন (৩৩), মেয়ে জাহানারা (৪৮) ও মনোয়ারা (৪৬)।
জানা যায়, ধামরাই থানাধীন ইসলামপুর মৌজায়
আর এস ২৫৭ নং দাগে ০৬ শতাংশ জমির মালিক মােঃ বেলায়াত হােসেন (৩৮)। অভিযুক্ত আবদুল রহমানসহ তার দুই ছেলে আনোয়ার হোসেন আনু (৪৮) ও মোঃ খোকন (৩৩) উক্ত জমি অবৈধভাবে জবর দখল করার পয়তারাসহ বিভিন্ন সময় বেলায়াত হোসেনকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। মঙ্গলবার (০১ জুন) সকাল ১০টার দিকে ওই জমিতে নির্মাণ শ্রমিক নিয়ে বেলায়াত হোসেন বাউন্ডারি (সীমানা প্রাচীর) নির্মাণ করতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্যভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। বেলায়াত এসময় চিৎকার করলে আশপাশের লােকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তখন তাকে প্রাণ-নাশের হুমকি প্রদান করে। পরে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন বেলায়াত হোসেন।
এর পর আবার বাউন্ডারির (সীমানা প্রাচীর) কাজ করতে গেলে দুপুর ১টার দিকে অভিযুক্তরাসহ আরো ৩০/৩৫ জন লাঠি, ছ্যান দা, লোহার রড নিয়ে এসে বাউন্ডারি নির্মাণ শ্রমিকদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদের মারধর করে ও বাউন্ডারি ভেঙ্গে দিয়ে চলে যায়। এঘটনায় ৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আহত নির্মাণ শ্রমিক আনোয়ারা বেগম (২৫) জানান, আমরা ৭/৮ জন মিলে ইসলামপুরে একটি জমিতে ওয়াল নির্মাণের কাজ করতেছিলাম। হঠাৎ করেই কয়েকজন লোক এসে আমাদের মারধর শুরু করে। এসময় আমিসহ কয়েকজন মাটিতে পরে যাই। এবং কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। আমরা তো কাজ করতে আসছি আমাদের কেন এই ভাবে মারধর করা হলো? আমাদের তো শুধু শুধু মারলো এর বিচার কে করবে?
মােঃ বেলায়াত হােসেন জানান, এই জমি আমার দাদার বাবার ছিলো। জমির সিএস, এসএ ও আরএস রেকর্ড আমাদের নামে। ভোগদখলেও আমরা আছি। আমি ইতালি প্রবাসী। আমি দেশে না থাকায় বিভিন্ন সময় আব্দুর রহমানসহ তার ছেলেরা আমার এই জমি দখল করার পায়তারা করেছে। আমার কাছে মোটা অংকের টাকাও দাবি করেছে। এরা এলাকার বিভিন্ন মানুষের জামি জুর করে ক্ষমতা দেখিয়ে দখল করে রেখেছে। আমার এই জমিও দখলের চেষ্টা করছে। আজকে আমি আমার জমিতে কাজ করতেছি তারা বহিরাগত ৩০/৩৫ জনকে নিয়ে এসে আমার ওয়াল ভেঙ্গে দিছে আমার লেবারদের মারধর করছে। তারা হাসপাতালে ভর্তি আছে।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বদিউজ্জামান জানান, আমি ঘটনা স্থান পরিদর্শন করেছি। এঘটনায় কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে আছে। ঘটনা স্থানে অভিযুক্তদের না পেয়ে তাদের বাসায় গিয়েছিলাম কিন্তু তাদের কেউ বাসায় ছিলো না। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।