নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে ও প্রার্থীদের আত্নপ্রকাশ করতে একটি যৌথ মতবিনিময় সমাবেশ করা হয়েছে। সমাবেশে শিশুদের দিয়ে মিছিল করিয়ে জনসংখ্যা বাড়িয়েছে দুই চেয়ারম্যান প্রার্থী।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে সোমভাগ ইউনিয়নের দেপাষাই খেলার মাঠ এলাকায় এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধামরাইয়ের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।
অনুষ্ঠানে অংশ নিতে ও জনসমাগম দেখাতে চেয়ারম্যান প্রার্থী আজাহার ও আব্দুল লতিফ শিশু কিশোরদের দিয়ে মিছিল করছে।
সরজমিনে দেখা গেছে, ছোটো শিশুদের মাথায় চেয়ারম্যান প্রার্থী আজাহারের ছবি ও নাম সম্বলিত মাথার টুপি, মাথার ব্যান পড়িয়ে দেওয়া হয়েছে। একই কাজ করেছে চেয়ারম্যান প্রার্থী লতিফের পক্ষ থেকে। শুধু তাই নয় মাদ্রাসার ছাত্রদেরও নিয়ে এসেছেন তারা।
এছাড়া এই প্রার্থীরা টাকা দিয়ে বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করেও নিয়ে আসার কথা জানা গেছে।
শিশু মিলন বলেন, আমি আজাহার কাকার জন্য এসেছি। আমি জানি না কি না কি। আমাকে বলেছে এক বড়ভাই আসতে তাই এসেছি। মাদ্রাসার ছাত্র শিহাব বলেন, আমাকে টাকা দিতে চাইছে। আমার আরও বন্ধুরা আসচ্ছে। আইছি ঘুরতেছি।
এ বিষয়ে বর্তমান সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাহার আলী বলেন, আসলে টাকা ছাড়া কি কেউ আসে? বা খাওয়া ছাড়া কি কেউ আসে? আপনারাই বলেন। আর শিশুদের ব্যাপারে আমি জানি না। আমি আমার সমর্থকদের বলেছি তারাই হতয়তো এনেছে।