জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকা থেকে ক্যাম্পাসগামী একটি সিংগেল ডেকার বাস দূর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে অবস্থানরত সবাই আহত হয়।
সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বাসটি বেলা ২ টা ১৫ মিনিটে ঢাকার বঙ্গবাজার থেকে ক্যাম্পাসে ফিরছিলো। এ ঘটনায় ১২ জন শিক্ষার্থী আহত হয়।
বাসে অবস্থানরত বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সুমন জানায়, ‘বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো। আমাদের বাসটি হেমায়েতপুর পার হয়ে ফুলবাড়িয়ায় পৌঁছালে সামনে থাকা একটা ট্রাক হঠাৎ কোন সিগনাল ছাড়াই ইউটার্ন নেয়।
আমাদের বাসের ড্রাইভারও তৎক্ষণাৎ ব্রেক ধরেন। ট্রাকের পেছনে বাস সজোরে ধাক্কা দেয়। এসময় বাসের সামনের গ্লাস ফেটে যায়। এতে আমরা কম বেশি বাসের সবাই আহত হই।
‘আমরা বাসে ১২ জনের মতো ছিলাম। আমাদের ভেতর ২ জন গুরুতর আহত হয়। এক আপুর নাক দিয়ে রক্ত বের হয় আরেক জন পায়ে অনেক প্রচন্ড ব্যথা পায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের অতিরিক্ত শিক্ষক মো. ইনামুল হক বলেন, “আমাদের ড্রাইভার ফোন করে বিষয়টি জানিয়েছে। বৃষ্টির কারণে এমনটি ঘটেছে। বাসের সামনের গ্লাস ফেটে গেছে। তবে গুরুতর কোন হতাহতের ঘটনা ঘটেনি।”